“ভারতের চোখে চোখ রেখে কথা বলাই প্রকৃত স্বাধীনতা”: ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) শামীম কামাল
পঙ্কজ সরকার নয়ন, গাজীপুর প্রতিনিধি: “ভারতের চোখে চোখ রেখে কথা বলাটাই হবে আমাদের প্রকৃত স্বাধীনতা” – এই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন জনতার দলের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আজম খান।
বুধবার (১০ সেপ্টেম্বর) গাজীপুরের কালিগঞ্জ উপজেলা শাখার কার্যালয় উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন। উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই কার্যালয়ের যাত্রা শুরু হয়, যাকে দলটির পক্ষ থেকে ‘নতুন যুগের সূচনা’ বলে অভিহিত করা হয়েছে।
প্রধান বক্তার বক্তব্যে আলহাজ্ব আজম খান বলেন, “স্বাধীনতার পর বহু শাসক দেশ শাসন করলেও দেশের মানুষ প্রকৃত স্বাধীনতা পায়নি। সাধারণ মানুষকে দেওয়া প্রতিশ্রুতি দেশের কোনো শাসক পরিপূর্ণ করেনি। সাধারণ মানুষের আকাঙ্ক্ষাকে পরিপূর্ণতায় রূপ দিতেই জনতার দলের আবির্ভাব।” তিনি কালিগঞ্জের জনগণকে সাক্ষী রেখে দলের রাজনৈতিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরুর ঘোষণা দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতার দলের চেয়ারম্যান, ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) মোঃ শামীম কামাল। তিনি তার বক্তব্যে পূর্ববর্তী সরকারের তীব্র সমালোচনা করে বলেন, “দেশে নিবন্ধিত অনেক রাজনৈতিক দল থাকলেও অনেকেই রাজনীতি থেকে গুটিয়ে পালিয়েছে। সবশেষ সরকার লেজ গুটিয়ে পার্শ্ববর্তী দেশ ভারতে পালিয়ে গিয়েছে। এর একমাত্র কারণ হলো তারা দেশ এবং দেশের মানুষের সাথে চরম বেইমানি করেছে।”
তিনি আরও বলেন, “নিজেকে সর্বেসর্বা মনে করা ওই দলটির নেতাকর্মীরা এখন বোরখা পরে দেশের এই প্রান্ত থেকে ওই প্রান্তে পালিয়ে বেড়াচ্ছে। আর যারা অবৈধভাবে টাকা কামিয়েছে, তারা দেশের বাইরে পাড়ি জমিয়েছে। আমরা এই ইতিহাসের পুনরাবৃত্তি দেখতে চাই না। যারাই স্বৈরাচার প্রতিষ্ঠা করতে যাবে, দেশের মানুষের সাথে অন্যায় করবে, সেখানেই জনতার দল প্রতিরোধ গড়ে তুলবে।”
এ সময় অনুষ্ঠানে আগত নেতাকর্মীরা মুহুর্মুহু স্লোগানে শহীদ মিনার চত্বর মুখরিত করে তোলেন। “জনতার দল জিন্দাবাদ”, “ইনসাফ জিন্দাবাদ”, “ডাক দিয়েছে আজম ভাই, ঘরে থাকার সময় নাই” এবং “ভালো মানুষ আসবে, রাজনীতি হাসবে” ইত্যাদি স্লোগানে চারপাশ প্রকম্পিত হয়ে ওঠে।
জনতার দল কালিগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক মোঃ রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান রাহেলা পারভীন শিশিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন মেজর (অবঃ) ডেল এইচ খান, লেফটেন্যান্ট জেনারেল (অবঃ) সাব্বির আহমেদ এবং মেজর জেনারেল (অবঃ) মাহবুবুল আলম। বক্তারা বলেন, “সৎ লোকদের রাজনীতিতে আসতেই হবে। গত ৫৪ বছর ভালো মানুষেরা রাজনীতিতে না আসায় দুর্বৃত্তরা দেশকে নিয়ন্ত্রণ করে দুঃশাসন প্রতিষ্ঠা করেছে।”
আমন্ত্রিত অতিথি হিসেবে জনতার দল কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান হাসিনা কামাল, কর্ণেল (অবঃ) মোঃ আবুল কালাম জাকি, যুগ্ম মহাসচিব মেজর (অবঃ) মোঃ জাকির হোসেন, সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মেজর (অবঃ) মোঃ বদরুল আলম সিদ্দিকী, জেলা জনতার দলের আহ্বায়ক হাজী শামসুদ্দিন আহমেদ এবং সদস্য সচিব আবু জাফর রিপনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে আজম খানের নেতৃত্বে একটি বিশাল মিছিল কালিগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরনো ব্যাংকের মোড়ে গিয়ে শেষ হয়।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।