শেরপুরে দুদকের দিনব্যাপী ১৮৪ তম গণশুনানি
শেরপুর প্রতিনিধি: ‘সবাই মিলে গড়বো দেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে শেরপুরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ১৮৪তম গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৮ সেপ্টেম্বর) দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয় জামালপুরের আয়োজনে এবং শেরপুর জেলা প্রশাসনের সহযোগিতায় শিল্পকলা একাডেমি মিলনায়তনে দিনব্যাপী এ গণশুনানি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুর্নীতি দমন কমিশনের কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো.আক্তার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা এবং ময়মনসিংহ বিভাগীয় দুর্নীতি দমন কমিশনের পরিচালক (অ.দা.) তাজুল ইসলাম ভূঁইয়া প্রমুখ। দুদক জানায়, দিনব্যাপী এ গণশুনানিতে জেলার সরকারি বিভিন্ন দপ্তরের মোট ১২৫টি অভিযোগ উত্থাপন করা হয় এবং সেসব বিষয়ে আলোচনা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নির্দেশনা প্রদান করা হয়।
জেলার ২৮টি দপ্তরের মধ্যে অভিযোগগুলোর বেশীরভাগ ছিলো ভূমি ও সাবরেজিস্ট্রি অফিসের বিরুদ্ধে। সামাজিক সচেতনতা বৃদ্ধি, সরকারি-বেসরকারি দপ্তরে সেবার মান উন্নয়ন, সেবাগ্রহীতাদের হয়রানি রোধ এবং দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে এই গণশুনানি ধারাবাহিকভাবে অন্যানো উপজেলাগুলোতে অনুষ্ঠিত হবে।
গণশুনানিতে জেলার সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।