আলফাডাঙ্গায় অবৈধ চায়না দূয়ারী জাল জব্দ অতঃপর ধ্বংস
আলমগীর কবির,আলফাডাঙ্গা (ফরিদপুর ) প্রতিনিধি: আলফাডাঙ্গায় অবৈধ চায়না দূয়ারী জাল জব্দ অত:পর ধ্বংস করা হয়েছে।
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় উন্মুক্ত জলাশয়ে অবৈধ চায়না দূয়ারী জালের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে পরিচালিত এ অভিযানে প্রায় দেড় লাখ টাকার অবৈধ দূয়ারী জাল জব্দ করে জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস করা হয়।
রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.কে.এম. রায়হানুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। তাকে সহযোগিতা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা তরুণ বসু। উপজেলার বানা ও বুড়াইচ ইউনিয়নের উথলী বিল, পানিগাতী বিল এবং শোলমারী বিল থেকে এসব ক্ষতিকর জাল জব্দ করা হয়।
অভিযান শেষে উপজেলা পরিষদ পুকুরপাড়ে জব্দকৃত দূয়ারী জালগুলো জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় এ.কে.এম. রায়হানুর রহমান বলেন, মাছের অবাধ প্রজনন ও দেশীয় মৎস্যসম্পদ রক্ষায় অবৈধ জালের ব্যবহার বন্ধ করা অপরিহার্য। চায়না দুয়ারী জাল জীববৈচিত্র্যের জন্য মারাত্মক ক্ষতিকর। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
উপজেলা মৎস্য কর্মকর্তা তরুণ বসু জানান, উন্মুক্ত জলাশয়ে অবৈধ জাল ব্যবহার বন্ধ ও মৎস্যসম্পদ সংরক্ষণে নিয়মিত অভিযান চলবে।
স্থানীয় মৎস্যজীবী ও পরিবেশকর্মীরা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের আশা, এ ধরনের অভিযান অব্যাহত থাকলে বিল ও জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধি পাবে এবং প্রাকৃতিক ভারসাম্য ফিরে আসবে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।