পূর্বধলার দুই ইউনিয়ন অপুষ্ট শিশু মুক্ত ঘোষণা
আব্দুল্লাহ আল মামুন, পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোণার পূর্বধলা উপজেলার দুইটি ইউনিয়নকে আনুষ্ঠানিকভাবে অপুষ্ট শিশু মুক্ত ইউনিয়ন ঘোষণা করা হয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় পূর্বধলা এরিয়া প্রোগ্রাম ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ পূর্বধলা জগৎমণি পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়।
০ থেকে ৫ বছর বয়সী শিশুদের মধ্যে অপুষ্টির হার সহনীয় মাত্রায় নামিয়ে আনা ইউনিয়ন দুটি হলো পূর্বধলা সদর ইউনিয়ন ও বিশকাকুনী ইউনিয়ন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ বিভাগের স্বাস্থ্য পরিচালক ডা. প্রদীপ কুমার সাহা। সভাপতিত্ব করেন নান্দাইল এরিয়া কোঅর্ডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার প্রশান্ত নাফাক। সঞ্চালনায় করেন ফিল্ড প্রোগ্রাম টেকনিক্যাল স্পেশালিষ্ট কফিল উদ্দিন মাহমুদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা সিভিল সার্জন ডা. মো. গোলাম মাওলা (নইম), উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ মাহমুদুল হাসান মামুন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের টেকনিকাল প্রোগ্রাম ম্যানেজার (স্বাস্থ্য, পুষ্টি ও ওয়াস) ডা. জয়ন্ত কুমার নাথ, পূর্বধলা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিদ্দিকুর রহমান বুলবুল এবং বিশকাকুনী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম আল-আমিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ময়মনসিংহ বিভাগের স্বাস্থ্য পরিচালক ডা. প্রদীপ কুমার সাহা বলেন, অপুষ্টি শিশুদের ভবিষ্যৎকে অন্ধকার করে দেয়। সম্মিলিত উদ্যোগের ফলেই পূর্বধলার দুইটি ইউনিয়ন আজ অপুষ্ট শিশু মুক্ত হলো। এ সাফল্য ধরে রাখতে হবে।
সভাপতির বক্তব্যে নান্দাইল এরিয়া কোঅর্ডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার প্রশান্ত নাফাক বলেন,
এই অর্জন শুধু পূর্বধলার নয়, পুরো দেশের জন্য একটি অনুপ্রেরণা। আমাদের লক্ষ্য হচ্ছে উপজেলার প্রতিটি ইউনিয়নকে অপুষ্টি মুক্ত ঘোষণা করা।
বিশেষ অতিথি নেত্রকোণা সিভিল সার্জন ডা. মো. গোলাম মাওলা (নইম) বলেন, সরকারের পাশাপাশি এনজিও ও স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতা ছাড়া এ অর্জন সম্ভব হতো না। আমরা চাই পুরো উপজেলাতেই অপুষ্টি মুক্ত পরিবেশ তৈরি হোক।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।