রাতে ভোট হয়েছে, বিদেশে টাকা পাচার করেছে হাসিনা : সাবেক উপমন্ত্রী সালাম পিন্টু
আখতার হোসেন খান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: আমরা অনেক পতন দেখেছি, তবে আওয়ামী লীগের মতো পতন দেখিনি। তারা মানুষের উপর জুলুম-নির্যাতন চালিয়েছে, মানুষের পেটের ভাত কেড়ে নিয়ে শত শত কোটি টাকা বিদেশে পাচার করেছে, গণতন্ত্র ধ্বংস করেছে, মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে- কথাগুলো বলেন, সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টু। মঙ্গলবার (৫ আগস্ট) টাঙ্গাইলের ভূঞাপুরে উপজেলা বিএনপির আয়োজনে ‘জুলাই বিপ্লব দিবস’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, “ছাত্রদল-যুবদলকে হতে হবে জনগণের সেবক।
কোনো ধরনের চাঁদাবাজি চলবে না। যদি কেউ এর সঙ্গে জড়িত থাকে, তাহলে দল তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।” সাবেক উপমন্ত্রী আরও বলেন, দেশে আর কোনো ফ্যাসিস্ট সরকারের ঠাঁই হবে না। দেশনেত্রী খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার করা হবে।
দেশের মানুষ আর কোনো আয়না ঘরের নির্বাচন মেনে নেবে না। ভূঞাপুর বাসস্ট্যান্ড মুক্তমঞ্চে অনুষ্ঠিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান সেলু, সহ-সভাপতি ফরহাদুল ইসলাম শাপলা, বাজার বণিক সমিতির সভাপতি শাহজাহান কবির লিটন, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন, সম্পাদক খন্দকার লুৎফর রহমান গিয়াস, সাংগঠনিক সম্পাদক মফিজুল ইসলাম খানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচনা সভার পূর্বে, আব্দুস সালাম পিন্টুর নেতৃত্বে একটি বিশাল র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে তারা ‘জুলাই বিপ্লবে’ শহীদ পলাশের কবর জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতি ছিল লক্ষ্যণীয়। পুরো অনুষ্ঠানজুড়ে সরকারের প্রতি তীব্র সমালোচনার পাশাপাশি গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলন চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।