বৃহস্পতিবার, ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

ভাড়া চাওয়ায় ব্যবসায়ীকে হত্যা, বিএনপির ৫ নেতা বহিষ্কার

সংবাদের আলো ডেস্ক: নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপি কার্যালয়ের ভেতরে পিটিয়ে জাহাঙ্গীর ভূঁইয়া (৫৭) নামের এক ব্যক্তিকে হত্যার ঘটনায় দলটির পাঁচ নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (৩০ জুলাই) রাতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, মারামারি-হানাহানি, রক্তাক্ত সংঘাতের ঘটনায় জড়িত থাকাসহ দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার অন্তর্গত মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তোতা প্রধান, জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক খোকন প্রধান, ওয়ার্ড বিএনপির সাবেক সদস্য রাসেল প্রধান, ওয়ার্ড বিএনপি নেতা আলম মিয়া ও সাদ্দাম হোসেনকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো।

নিহত জাহাঙ্গীরের ছেলে রাসেল বলেন, বিএনপি কার্যালয়ের ভাড়া চাইতে গেলে সকালে তোতা মেম্বার (৭০) ও তার ছেলে খোকন (৩৫), রাসেল (৩০) এবং বেনু হাজীর ছেলে আলম (৪৫), সাদ্দাম (৩৫) সহ ছয় থেকে সাত জন মিলে আমার বাবাকে পার্টি অফিসে নিয়ে মারধর করে। পরে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাঁচ আগস্টের পর বিএনপির পার্টি অফিস করার জন্য জাহাঙ্গীরের কাছ থেকে অফিসটি ভাড়া নেন তোতা মেম্বার। অফিসটি স্থানীয়দের কাছে বিএনপির কেন্দ্রীয়সহ অর্থ বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমনের অফিস হিসেবে পরিচিত ছিল। হত্যার ঘটনায় অভিযুক্তরা স্থানীয়ভাবে মাহমুদুর রহমান সুমনের অনুসারী।

৩০ জুলাই সকালে পার্টি অফিসের বকেয়া দশ হাজার টাকা ভাড়া চাইতে গেলে কথা কাটাকাটির একপর্যায়ে তোতা মেম্বারকে ধাক্কা দেন জাহাঙ্গীর। পরবর্তীতে তোতা মেম্বারের অনুসারী ও তার ছেলেরা জাহাঙ্গীরকে ধরে পার্টি অফিসে নিয়ে মারধর করেন।

এসময় জাহাঙ্গীর গুরুতর আহত হলে অভিযুক্তদের কয়েকজন জাহাঙ্গীর আলমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়