শনিবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

রংপুরের গঙ্গাচড়ায় হিন্দু বাড়িঘরে হামলার ঘটনায় গ্রেপ্তার ৫

সংবাদের আলো ডেস্ক: ধর্ম অবমাননার অভিযোগে রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ি ইউনিয়নের আলদাদপুর বালাপাড়া গ্রামের হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার ঘটনায় পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার সকালে পুলিশ হেডকোয়ার্টার্সের বরাত দিয়ে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ধর্ম অবমাননার অভিযোগে রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ি ইউনিয়নের আলদাদপুর বালাপাড়া গ্রামের হিন্দু পাড়ায় অজ্ঞাতনামা লোকজন ভাঙচুর, লুটপাট এবং পুলিশের ওপর আক্রমণ করে। এ ঘটনায় আলদাদপুর ছয়আনি পাড়া গ্রামের বাসিন্দা রবীন্দ্রনাথ রায় (৫৫) বাদী হয়ে অজ্ঞাত পরিচয় ১০০০/১২০০ জনের বিরুদ্ধে গঙ্গাচড়া মডেল থানায় মামলা করেন।

এ মামলায় যৌথ অভিযানে ইতোমধ্যে পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধর্ম অবমাননার অভিযোগ এনে শনিবার আলদাদপুর বালাপাড়া গ্রামের এক হিন্দু কিশোর শিক্ষার্থীকে গ্রেপ্তার করে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই কিশোরকে থানায় নেওয়ার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সেদিন সন্ধ্যায় পাশের এলাকা থেকে শতাধিক লোক লাঠিসোঁটা নিয়ে স্লোগান দিতে দিতে ছেলেটির গ্রামে প্রবেশ করে।

তারা বাড়িঘরে হামলা চালায়। ‘উত্তেজিত জনতা’ শনিবার রাত ও রোববার বিকালে ওই কিশোরের বাড়িসহ ‘সনাতন ধর্মাবলম্বীদের’ বাড়িগুলোতে ভাঙচুর চালায়। পরে সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এ ঘটনার পর সোমবার আতঙ্কে লোকজন বাড়ি ছেড়ে যায়। মঙ্গলবার থেকে তাদের কেউ কেউ বাড়ি ফিরতে শুরু করেছে। তবে ওই এলাকায় মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

রংপুরের পুলিশ সুপার আবু সাইম বলেন, মঙ্গলবার রাতে ভুক্তভোগী রবীন্দ্রনাথ রায় গঙ্গাচড়া মডেল থানায় মামলাটি করেন। মামলায় অজ্ঞাত পরিচয় ১ হাজার ২০০ জনকে আসামি করা হয়েছে। এই মামলায় রাতে পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় প্রাথমিক তদন্ত শুরু হয়েছে জানিয়ে এ পুলিশ কর্মকর্তা বলেন, ঘটনাস্থলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়