বিজিবির অভিযানে যশোরে দেড় কোটি টাকার স্বর্ণসহ আটক-২
সেলিম রেজা তাজ, স্টাফ রিপোর্টার: যশোরের তারাগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা হতে প্রায় ১ কেজি ওজনের (৯৭০ গ্রাম)০৮ টি স্বর্ণের বারসহ আবু সাঈদ ও মহিনুর রহমান নামে দুই স্বর্ণের পাচারকারীকে আটক করেছে যশোর ৪৯ বিজিবি।আটকরা হলো বেনাপোল পোর্ট থানার সীমান্তবর্তী ঘিবা গ্রামের বাসিন্দা।
অদ্য ১৫ জুলাই ২০২৫ তারিখ ০৪৪৫ ঘটিকায় যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে যশোরের কোতোয়ালী থানাধীন তারাগঞ্জ বাসস্ট্যান্ড এর রাস্তার উপর হতে ০২ জন আসামীসহ প্রায় ১ কেজি ওজনের (৯৭০ গ্রাম) ০৮(আট) টি স্বর্ণের বার, ০৩টি মোবাইল এবং ০১টি পাওয়ার ব্যাংক আটক করা হয়। আটককৃত ব্যক্তিদের প্যান্টের পকেটে এবং মানিব্যাগের ভিতরে বিশেষ কায়দার লুকায়িত অবস্থায় উক্ত স্বর্ণের বারগুলো পাওয়া যায়। আটককৃত আসামীদেরকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ঢাকা থেকে যশোর-বেনাপোল হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণগুলো নিয়ে যাচ্ছিল।
বিজিবি আরো জানায় ঢাকার সদরঘাট এলাকার চোরাকারবারীদের নিকট হতে স্বর্ণগুলো সংগ্রহ করে যশোর হয়ে বেনাপোল গমন করছিল। আটককৃত ব্যক্তিদের নাম ও ঠিকানা- (১) মোঃ আবু সাঈদ (২৭), পিতা-মোঃ ইসমাইল হোসেন, গ্রাম-ঘিবা দক্ষিণ, পোস্ট-ধান্যখোলা, থানা-শার্শা, জেলা-যশোর, (২) মোঃ মহিনুর রহমান (৩১), পিতা-মোঃ শাহাজান, গ্রাম-ঘিবা, পোস্ট-ধান্যখোলা, থানা-শার্শা, জেলা-যশোর। আটককৃত স্বর্ণের মূল্য ১,৪১,৮৩,৩৪০/-(এক কোটি একচল্লিশ লক্ষ তিরাশি হাজার তিনশত চল্লিশ) টাকা, ০৩টি মোবাইল এবং ০১টি পাওয়ার ব্যাংক এর মূল্য ৩৩,৫০০/-(তেত্রিশ হাজার পাঁচশত) টাকাসহ সর্বমোট সিজার মূল্য ১,৪২,১৬,৮৪০/-(এক কোটি বিয়াল্লিশ লক্ষ ষোল হাজার আটশত চল্লিশ) টাকা।
আটককৃত আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের এর মাধ্যমে আসামীদেরকে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি ও উপ অধিনায়ক মেজর ফারজিন ফাহিম জানান, যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।