বৃহস্পতিবার, ২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

নিখোঁজের ৩ দিন পর রেইচা খাল থেকে শিশুর মরদেহ উদ্ধার

আব্দুল আওয়াল আলিফ, বান্দরবান জেলা প্রতিনিধি: বান্দরবানের সদর উপজেলার সদর ইউনিয়নের রেইচা খাল থেকে নিখোঁজের তিন দিন পর সত্যজিৎ চাকমা (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।

বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে রেইচা বাজার সংলগ্ন নির্মাণাধীন ব্রিজের নিচে মরদেহটি ভেসে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ পারভেজ বিষয়টি নিশ্চিত করেছেন।

সত্যজিৎ সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সিনিয়র রেইচা পাড়ার বাসিন্দা সমিরণ চাকমার ছেলে।

বান্দরবান সদর ইউনিয়নের চেয়ারম্যান অং চাহ্লা মারমা ঢাকা মেইলকে জানান, গত সোমবার (৭ জুলাই) সকাল থেকে শিশুটি নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তাকে পায়নি। টানা বৃষ্টির ফলে পাহাড়ি ঢলে খালের পানি বেড়ে যাওয়ায় শিশুটি পানির স্রোতে ভেসে গিয়ে মৃত্যুর শিকার হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বান্দরবান সদর থানার ওসি মো. মাসুদ পারভেজ বলেন, শিশুটির নিখোঁজের বিষয়ে দুই দিন আগে পরিবার থেকে থানায় জানানো হয়েছিল। আজ তার মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটি স্রোতে ভেসে গিয়ে মারা গেছে। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। অন্যান্য আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়