নাগরপুরে কলমাইদ বাজার হতে বিল পর্যন্ত রাস্তার বেহাল অবস্থা, এলাকাবাসীর দ্রুত সংস্কারের দাবি
রিফাত, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইল নাগরপুর উপজেলার মামুদনগর ইউনিয়নের কলমাইদ বাজার থেকে বিলের পাড় পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে।
চলাচলের অযোগ্য হয়ে পড়েছে এই গুরুত্বপূর্ণ সড়কটি। সরেজমিনে ২ জুন রবিবার গিয়ে দেখা যায়, রাস্তাটির কোথাও ইট নেই, কোথাও বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।
ফলে পায়ে হাঁটার উপযোগিতাও হারিয়েছে। কলমাইদ বাজার সংলগ্ন কলমাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী প্রতিদিন এই রাস্তা দিয়ে যাতায়াত করে। এছাড়া প্রায় ১৫০০ সাধারণ মানুষ এই রাস্তাটির ওপর নির্ভরশীল। স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে এই রাস্তার কোন সংস্কার হয়নি।
বিশেষ করে বৃষ্টিরদিনে রাস্তাটি আরও কর্দমাক্ত ও দুঃসহ হয়ে ওঠে। রোগী পরিবহন কিংবা জরুরি যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এমনকি শিক্ষার্থীরাও ভালো জুতা পরে স্কুলে যেতে পারে না।
তাই অবিলম্বে ইট সলিং করে রাস্তা মেরামতের দাবি জানান তারা। এ বিষয়ে ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ কামাল হোসেন জানান, “গত বছর এই রাস্তাটির ইট সলিং কাজের জন্য উপজেলা প্রকৌশলী অফিসে আবেদন করা হয়েছে। কিন্তু এখনো প্রকল্পটি অনুমোদিত হয়নি।
” নাগরপুর উপজেলা প্রকৌশলী মোঃ তোরাপ আলী বলেন, “রাস্তাটির প্রতিবেদন ইতোমধ্যে ইউএনও মহোদয়ের কাছে জমা দেওয়া হয়েছে। বরাদ্দ আসলে বাস্তবায়ন করা হবে।” উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জানান, “বর্তমানে টিআর (ত্রাণ পুনর্বাসন) প্রকল্পের কোনো বরাদ্দ নেই।
তবে আগামী অক্টোবর মাসে নতুন বরাদ্দ আসবে। তখন রাস্তার কাজটি বাস্তবায়ন করা হবে।” স্থানীয়রা আশঙ্কা প্রকাশ করে বলেন, দীর্ঘদিন ধরে বারবার আশ্বাস দেওয়া হলেও বাস্তবে কোনো কাজ শুরু হয়নি।
তারা দ্রুততম সময়ে রাস্তার সংস্কার কার্যক্রম শুরুর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।