ক্রীড়াকে শিক্ষাব্যবস্থার অনিবার্য উপকরণ হিসেবে রূপান্তর করতে যাচ্ছি
সংবাদের আলো ডেস্ক: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা ক্রীড়াকে আমাদের শিক্ষা ব্যবস্থার একটি অনিবার্য উপকরণ হিসেবে রূপান্তর করতে যাচ্ছি। আমরা বিশ্বাস করি আমাদের এই ধারাবাহিকতা বজায় থাকবে। মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন ‘প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ হবে। সেটি আমরা অনেক বড় পরিসরে আয়োজন করব।
মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে কুমিল্লার ভাষাসৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান যোগ দিয়ে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন ।
মাহদী আমিন বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর একটি ভিশন রয়েছে। শিক্ষাব্যবস্থায় আমরা ক্রীড়াকে অনেক বেশি গুরুত্ব দিতে চাই। আপনারা অবগত আছেন আগামী বছর ৪র্থ শ্রেণি থেকে খেলাধুলাকে একটি সাবজেক্ট হিসেবে ইনক্লুড করছি। আমাদের লক্ষ্য দেশের একদম তৃণমূল থেকে উচ্চ পর্যন্ত শিক্ষায় আমরা ক্রীড়াকে সম্পৃক্ত করব।
তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ক্রীড়াকে প্রাধান্য দিয়ে সেটিকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান। আমাদের শিক্ষার্থীরা যেন তাদের মেধা এবং সৃজনশীলতা নিয়ে বিশ্ব মানচিত্রে বাংলাদেশকে একটা ভালো একটা উন্নত এবং ক্রীড়াতে সফল রাষ্ট্র হিসেবে অধিষ্ঠিত করতে পারে সেই অগ্রযাত্রায় রয়েছে।
অনুষ্ঠানে কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর আহসান পারভেজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন প্রমুখ।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।