,

শিরোনাম

কুচক্রী মহল বিমানবন্দরের ভাবমূর্তি নষ্ট করছে: বিমানমন্ত্রী

সংবাদের আলো ডেস্ক: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত জানিয়েছেন, দেশের প্রধান আকাশপথের প্রবেশদ্বার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রীসেবা ও বিভিন্ন হয়রানি নিয়ে একটি কুচক্রী মহল সুপরিকল্পিতভাবে অপতথ্য ছড়াচ্ছে। বিমানবন্দরের ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই এই বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে বলে মন্তব্য করেছেন তিনি।

সোমবার (৫ অক্টোবর) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত ‘এয়ারপোর্ট ফায়ার ইমার্জেন্সি এক্সারসাইজ ২০২৬’ শীর্ষক মহড়া পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এই মন্তব্য করেন।

এ সময় মন্ত্রী বলেন, বিমানবন্দরের সেবা নিয়ে যে ধরনের অভিযোগ বা হয়রানির কথা বলা হচ্ছে, তার বাস্তব কোনো ভিত্তি নেই। একটি কুচক্রী মহল বিমানবন্দরের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এসব বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে।

তিনি বলেন, বর্তমান সরকার বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা জোরদার এবং যাত্রীসেবার মান আন্তর্জাতিক মানে উন্নীত করতে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছে। সরকারের সুনির্দিষ্ট দিকনির্দেশনা ও তদারকির কারণে বিমানবন্দরগুলোতে সেবার মান ক্রমান্বয়ে উন্নত হচ্ছে।

এ সময় মন্ত্রী বিমানবন্দর পরিচালনায় কিংবা দায়িত্বে কোনো ধরনের অবহেলা বা শিথিলতা প্রদর্শন করা হলে তা কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলেও মন্তব্য করেন। দায়িত্বে অবহেলার জন্য কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দেন মন্ত্রী। অন্যদিকে যারা নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে নিজেদের দায়িত্ব পালন করবেন, তাদের যথাযথভাবে পুরস্কৃত করা হবে বলেও তিনি জানান।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়