,

শিরোনাম

সৌদিতে হুথিদের হামলা, লাফিয়ে বাড়ছে তেলের দাম

সংবাদের আলো ডেস্ক: সৌদি আরবে হুথিদের হামলা এবং উপসাগরে ইরানের সামরিক তৎপরতার খবরে আন্তর্জাতিক বাজারে লাফিয়ে বাড়ছে তেলের দাম। একই সময়ে সৌদি আরবের গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইন বন্ধ থাকায় সরবরাহ সংকট আরও গভীর হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের নভেম্বরের ফিউচার ১ দশমিক ২৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৭ ডলারে উঠেছে।

যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের অক্টোবরের ফিউচার ১ দশমিক ২৭ শতাংশ বেড়ে হয়েছে ১০২ দশমিক ৬৮ ডলার।

সৌদি নেতৃত্বাধীন ইয়েমেন জোট জানায়, সোমবার হুথি বাহিনী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মাধ্যমে সৌদি আরবে ধারাবাহিক হামলা চালিয়েছে। এসব হামলায় ১৩ জন বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন বলে জানানো হয়েছে।

হামলার পাশাপাশি সৌদি আরবের তেল অবকাঠামো নিয়েও নতুন উদ্বেগ তৈরি হয়েছে। ইরাক থেকে উৎক্ষেপণ করা ড্রোনের হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ার পর দেশটি গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইন বন্ধ করে দিয়েছে।

এই পাইপলাইন হরমুজ প্রণালি এড়িয়ে সৌদি আরবের পূর্বাঞ্চলের তেলক্ষেত্র থেকে লোহিত সাগরের ইয়ানবু বন্দরে তেল পরিবহন করে। বর্তমান পরিস্থিতিতে পাইপলাইনটি বন্ধ হয়ে যাওয়ায় বৈশ্বিক তেল সরবরাহের ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে।

ইরানের সামরিক বাহিনী জানায়, হরমুজ প্রণালির ওপর একটি উন্নত মার্কিন ড্রোন তারা ধ্বংস করেছে। উপসাগরে মার্কিন চালকবিহীন নৌযানের বিরুদ্ধে তেহরানের ধারাবাহিক অভিযানের মধ্যে এই ঘটনা ঘটল।

হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহনপথ। এই জলপথে সামরিক উত্তেজনা বাড়লে আন্তর্জাতিক বাজারে তেল সরবরাহ নিয়ে উদ্বেগ আরও তীব্র হতে পারে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত রোববার বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে অভিযান চালিয়ে যেতে পারে। একইসঙ্গে, দেশটির তেলের নিয়ন্ত্রণ নেওয়ার কথাও বলেছেন তিনি।

তেলের পাইপলাইনে হামলা এবং সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট পাইপলাইন বন্ধ থাকায় মূল্যস্ফীতির চাপ আরও বাড়তে পারে বলে সতর্ক করেছেন শ্রী-কুমার গ্লোবাল স্ট্র্যাটেজিসের প্রেসিডেন্ট কোমল শ্রী-কুমার।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়