সোমবার, ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

মামলার রায়ে সন্তুষ্ট, আশা করি উচ্চ আদালতেও রায় কার্যকর থাকবে: আইনমন্ত্রী

সংবাদের আলো ডেস্ক: রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ে সন্তোষ প্রকাশ করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, আইনের প্রত্যেকটি ধাপ পেরিয়ে ছয় কার্যদিবসের মধ্যে বিচার প্রক্রিয়া সম্পন্ন করেছি। এটি বাংলাদেশে প্রথম। বিচারে ঘোষিত শাস্তিতে আপাতত সন্তুষ্ট। আশা করি, এটি উচ্চ আদালতে গেলেও এই রায় বহাল থাকবে।

রোববার (৭ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সাথে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, রামিসার ধর্ষণ ও হত্যাকাণ্ড জাতির জন্য অত্যন্ত দুঃখজনক ও ভারাক্রান্ত হওয়ার মতো ঘটনা। তবে প্রধানমন্ত্রী এক মাসের মধ্যে বিচার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার বিষয়ে আশাবাদী ছিলেন।

তিনি আরও বলেন, ৭ দিনের মধ্যে রামিসা হত্যাকাণ্ডের ডেথ রেফারেন্স ফাইল উচ্চ আদালতে যাবে। এছাড়া পেপারবুক তৈরি হবে এবং সে অনুযায়ী মামলাটি বিচারের তালিকায় যাবে।

আইনমন্ত্রী জানান, উচ্চ আদালত খোলার পর রামিসা, সিনহা, আছিয়া ও রাজনের যে দ্রুত বিচার হয়েছিল, তার উচ্চ আদালতে যেন দ্রুত নিষ্পত্তি হয়, সে আবেদন করা হবে।

তিনি আরও জানান, সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ এ মামলাকে অগ্রাধিকার দিয়ে শুনানি করলে আগামী ৩ মাসের মধ্যে রায় কার্যকর করা সম্ভব হবে বলে প্রত্যাশা করি।

প্রসঙ্গত, রোববার (৭ জুন) রাজধানীর পল্লবীতে আলোচিত শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে সোহেল রানাকে ৫ লাখ টাকা এবং তার স্ত্রীকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়