সোমবার, ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

ভারতে চার লাখ কোটি টাকা বিনিয়োগ করবেন বাংলাদেশি রবিন 

সংবাদের আলো ডেস্ক: ভারতে ডাটা সেন্টার প্রকল্পে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে যাচ্ছেন রবিন খুদা নামে এক বাংলাদেশি শিল্পপতি। এর অংশ হিসেবে গত শুক্রবার (৫ জুন) ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেন তিনি।

২০৩০ সালের মধ্যে এই অর্থগুলো ভারতের বিভিন্ন জায়গায় বিনিয়োগ করবে তার প্রতিষ্ঠিত সংস্থা এয়ারট্রাঙ্ক।

রবিন খুদার জন্ম ও বেড়ে ওঠা ঢাকায়। তিনি রাজধানীর শের-ই-বাংলা নগর সরকারি বয়েজ স্কুলে পড়াশোনা করেছেন। মাত্র ১৮ বছর বয়সে রবিন অস্ট্রেলিয়ায় পাড়ি জমান। সেখানে অ্যাকাউন্টিং নিয়ে পড়তে যান। বর্তমানে অস্ট্রেলিয়ার অন্যতম ধনী ব্যক্তি তিনি। ফোর্বসের তথ্য অনুযায়ী তার সম্পদের পরিমাণ দুই বিলিয়ন ডলারের বেশি।

রবিনের প্রতিষ্ঠানের বিনিয়োগের বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেয়া এক পোস্টে মোদি বলেন, ‘এ ধরনের বিনিয়োগ ক্লাউড কম্পিউটিং ও কৃত্রিম বুদ্ধিমত্তার বৈশ্বিক কেন্দ্র হিসেবে ভারতের অবস্থানকে আরও শক্তিশালী করবে। একই সঙ্গে এটি কর্মসংস্থান সৃষ্টি, স্থানীয় সরবরাহ ব্যবস্থা শক্তিশালীকরণ এবং উদ্ভাবননির্ভর প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করবে।’

এই প্রকল্পগুলোর মধ্যে সবচেয়ে বড়টি হবে পশ্চিম ভারতের মহারাষ্ট্র রাজ্যে। চলতি সপ্তাহের শুরুতে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনাবিস জানান, এয়ারট্রাঙ্ক রাজ্যটিতে তিন গিগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি ডেটা সেন্টার হাব গড়ে তুলবে, যেখানে প্রায় ২ লাখ কোটি টাকার বেশি বিনিয়োগ করা হবে।

প্রসঙ্গত, ২০১৫ সালে এয়ারট্রাঙ্ক প্রতিষ্ঠা করেন খুদা। বছর দুয়েক আগে ব্ল্যাকস্টোন ও কানাডা পেনশন বোর্ডের নেতৃত্বাধীন একটি কনসোর্টিয়াম ১৬ বিলিয়ন ডলারে এয়ারট্রাঙ্ক অধিগ্রহণ করে। তবে খুদা এখনো কোম্পানিটিতে একটি ছোট কিন্তু মূল্যবান অংশীদারিত্ব ধরে রেখেছেন।

সূত্র: ফোর্বস

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়