এবার নিজেকে জেমস বন্ড বানালেন ট্রাম্প, নাম দিলেন ‘ট্রাম্প ০০৭’
সংবাদের আলো ডেস্ক: এবার নিজেকে জেমস বন্ড হিসেবে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ব্রিটিশ গোয়েন্দা চরিত্র জেমস বন্ড হিসেবে দেখানো একটি ছবি পোস্ট করেছেন তিনি।
নিজের সঙ্গে বিখ্যাত ব্যক্তিত্বদের প্রশংসাসূচক তুলনা করার দীর্ঘ ইতিহাস আছে ট্রাম্পের। এর আগে তিনি নিজেকে এলভিস প্রেসলি, স্যার উইনস্টন চার্চিল ও মাদার তেরেসার সঙ্গে তুলনা করেছেন। অতি সম্প্রতি এবং বিতর্কিতভাবে ট্রাম্প নিজেকে যিশু খ্রিস্টের সঙ্গেও তুলনা করেন।
সবশেষ পোস্টে মার্কিন প্রেসিডেন্ট নিজের তরুণ বয়সের একটি আর্কাইভ ছবি ব্যবহার করেছেন, যেখানে তাকে একটি প্যানেলযুক্ত আয়নার সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ছবিটির ক্যাপশন ছিল, ‘ট্রাম্প ০০৭’।
অ্যামাজন এমজিএম–যার মালিক ট্রাম্পের বন্ধু জেফ বেজোস, যিনি বর্তমানে নতুন জেমস বন্ডের জন্য আনুষ্ঠানিক কাস্টিং প্রক্রিয়া চালাচ্ছেন। স্টুডিওটি ড্যানিয়েল ক্রেইগের উত্তরসূরি খুঁজছে। এরই মধ্যে হোয়াইট হাউস রসিকতার ছলে ট্রাম্পকে এই চরিত্রের জন্য মনোনীত করেছে।
গত ১৬ মে হোয়াইট হাউসের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে আরও একটি মিম পোস্ট করা হয়েছিল। সেখানে ট্রাম্পকে টাক্সেডো পরা অবস্থায় এবং হাতে সাইলেন্সারযুক্ত পিস্তল নিয়ে ছায়ামূর্তির মতো দেখানো হয়।
ছবিটির নিচের ডান কোণে সোনালি সামরিক ধাঁচের ফন্টে তার স্লোগান ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ লেখা ছিল।
মঙ্গলবার (০২ জুন) ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যমে আরও একটি ছবি পোস্ট করেন, যেখানে তাকে একটি জনসমাবেশের সামনে দেখা যায়। সেখানে তিনি নিজেকে ‘সর্বশ্রেষ্ঠ আকর্ষণ’ বলে দাবি করেন।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।