কক্সবাজার সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, সঙ্গী নিখোঁজ
সংবাদের আলো ডেস্ক: কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে ইয়াছির খাঁন (২৫) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার সঙ্গে থাকা মোহাম্মদ ইব্রাহিম (২৩) নামের আরেক পর্যটক নিখোঁজ রয়েছেন।
বুধবার (২৬ আগস্ট) বেলা আড়াইটার দিকে লাবণী ও সুগন্ধা পয়েন্টের মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ইয়াছির ও নিখোঁজ ইব্রাহিম ঢাকার আফতাবনগর এলাকার বাসিন্দা। তাদের পুরো পরিচয় নিশ্চিত করতে পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) আজমল হোসেন।
ট্যুরিস্ট পুলিশ ও লাইফগার্ড সূত্রে জানা যায়, আফতাবনগর থেকে পাঁচজনের একটি দল কক্সবাজারে বেড়াতে আসে। হোটেলে মালামাল রেখে তারা লাবণীর জলতরঙ্গ হোটেলের বিপরীতে সৈকতে গোসলে নামেন। ওই এলাকায় গোসলে নামা বিপজ্জনক উল্লেখ করে লাল পতাকা টাঙানো ছিল। তবে সেটি উপেক্ষা করে তারা পানিতে নামেন।
গোসলে নামার কিছুক্ষণ পর পাঁচজনই স্রোতের টানে বিপদে পড়েন। তাদের মধ্যে তিনজন প্রাণপণ চেষ্টা করে তীরে উঠতে সক্ষম হন। ইয়াছির ও ইব্রাহিম সৈকতের পানিতে তৈরি হওয়া একটি গর্তে আটকে পড়েন।
বিষয়টি তীরে উঠে আসা সহযাত্রীরা লাইফগার্ড সদস্যদের জানালে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। পরে ইয়াছিরকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইব্রাহিমকে উদ্ধারে দীর্ঘ সময় চেষ্টা চালিয়েও সফল হননি উদ্ধারকারীরা। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিস ও সি-সেইফ লাইফগার্ড সদস্যরা অভিযান চালিয়ে যাচ্ছেন।
ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) আজমল হোসেন বলেন, নিহত ও নিখোঁজ পর্যটকের পরিবারের সঙ্গে পুলিশের কথা হয়েছে। তাদের পরিবারের সদস্যরা কক্সবাজারের উদ্দেশে রওনা হয়েছেন। তাদের পরিচয় ও ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।