বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার: প্রবাসীকল্যাণ মন্ত্রী
সংবাদের আলো ডেস্ক: সরকারিভাবে কোনো খরচ ছাড়াই ১০ হাজার কর্মীকে মালয়েশিয়ায় পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
নিরাপদ অভিবাসন ও অবৈধভাবে বিদেশযাত্রা ঠেকাতে গতকাল মঙ্গলবার (২৫ আগস্ট) সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রবাসীকল্যাণমন্ত্রী এ কথা বলেন।
বিদেশে যাওয়ার আগে কর্মীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও ভাষাগত দক্ষতা অর্জনের ওপরও গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, বিদেশে কর্মী পাঠানোর পাশাপাশি তাদের দক্ষ করে তোলাও জরুরি। এ লক্ষ্যে সুনামগঞ্জের পাঁচটি নির্বাচনি এলাকায় পাঁচটি প্রশিক্ষণকেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে। এসব কেন্দ্রে প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থী নিশ্চিত করতে জনপ্রতিনিধি এবং প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
বিদেশগামীদের ভাষাগত দক্ষতা বাড়ানোর ওপর জোর দিয়ে প্রবাসীকল্যাণমন্ত্রী বলেন, ইংরেজি, আরবি, জাপানি, চীনা ও কোরিয়ান ভাষায় প্রশিক্ষণ নিতে হবে। প্রয়োজনীয় দক্ষতা অর্জনের পর কর্মীদের বৈধ প্রক্রিয়ায় বিদেশ যাওয়ার আহ্বান জানাচ্ছি।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।