শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

বুধবারের মধ্যে চুক্তি না হলে ইরানে আবার হামলা শুরু: ট্রাম্প

সংবাদের আলো ডেস্ক: আগামী বুধবারের (২২ এপ্রিল) যুক্তরাষ্ট্র ও ইরান কোনও চুক্তিতে পৌঁছাতে না পারলে যুদ্ধবিরতির মেয়াদ আর না-ও বাড়তে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত ৮ এপ্রিল কার্যকর হওয়া দুই সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ আর না বাড়লে মধ্যপ্রাচ্যে ফের সংঘাত ছড়িয়ে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় সময় শুক্রবার (১৭ এপ্রিল) মার্কিন প্রেসিডেন্টের সরকারি উড়োজাহাজ ‘এয়ার ফোর্স ওয়ান’-এ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ হুঁশিয়ারি দেন।

এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আলোচনা ব্যর্থ হলে যুদ্ধবিরতির মেয়াদ বাড়াবেন নাকি আবার হামলা শুরু করবেন, এ বিষয়ে তিনি এখনও সিদ্ধান্ত নেননি। 

ট্রাম্পের ভাষায়, হরমুজ প্রণালিতে অবরোধ জারি থাকবে এবং দুর্ভাগ্যজনকভাবে আমাদের আবার বোমা হামলা শুরু করতে হতে পারে।’ 

তিনি বলেন, ‘আমি হয়তো এ যুদ্ধবিরতির মেয়াদ আর বাড়াব না। তবে ইরানি বন্দরগুলোর ওপর অবরোধ বজায় থাকবে। ফলে একদিকে অবরোধ থাকবে, অন্যদিকে দুর্ভাগ্যবশত আমাদের আবারও বোমা হামলা শুরু করতে হবে।’ 

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান দুই সপ্তাহের এই যুদ্ধবিরতির মেয়াদ আগামী বুধবার শেষ হতে যাচ্ছে। যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর লক্ষ্য নিয়ে বর্তমানে দুই দেশ পরোক্ষ আলোচনায় অংশ নিচ্ছে। 

এই সপ্তাহান্তে মার্কিন ও ইরানি প্রতিনিধিদল সোমবার পাকিস্তানে আলোচনায় বসতে পারেন এমন প্রতিবেদন প্রকাশের পর ট্রাম্প ইরানে নতুন করে হামলার হুমকি দিলেন। এর আগে শুক্রবার ট্রাম্প আত্মবিশ্বাস নিয়ে বলেছেন যে, উভয় পক্ষ একটি চুক্তির কাছাকাছি রয়েছে। 

এদিকে হরমুজ প্রণালি খোলার পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে মতবিরোধ তৈরি হয়েছে। তেহরান দাবি করেছে, শর্তসাপেক্ষে হরমুজ প্রণালি খুলে দেয়া হয়েছে। মার্কিন অবরোধ অব্যাহত থাকলে হরমুজ প্রণালি আবারও বন্ধ করে দেয়া হতে পারে। 

শনিবার (১৮ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া পোস্টে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেন,‘অবরোধ অব্যাহত থাকলে হরমুজ প্রণালি খোলা থাকবে না। এই জলপথ দিয়ে জাহাজ চলাচল ইরানের অনুমোদনের ওপর নির্ভর করবে। 

এদিকে আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট ইরানি সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদল এ সপ্তাহান্তে পাকিস্তানে পৌঁছাতে পারে। দুই দেশের মধ্যে আগামী সোমবার ফের আলোচনা অনুষ্ঠিত হতে পারে। তবে এ বৈঠকের বিষয়টি কোনও পক্ষই এখনও নিশ্চিত করেনি।

এর আগে শুক্রবার ট্রাম্প বলেন, দুই পক্ষই একটি সমঝোতার খুব কাছাকাছি পৌঁছে গেছে বলে তিনি মনে করেন।

এদিকে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শর্তসাপেক্ষ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া হয়েছে। এই গুরুত্বপূর্ণ নৌপথের ব্যবহার বর্তমান যুদ্ধবিরতি পরিস্থিতির ওপর নির্ভরশীল।  প্রণালি উন্মুক্ত করায় ইরানকে ধন্যবাদ জানালেও দেশটির বন্দর ও জাহাজের বিরুদ্ধে নৌ-অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ট্রাম্প। দুই দেশের মধ্যে কোনও চুক্তি সম্পন্ন হলেই কেবল সেই অবরোধ প্রত্যাহার করা হবে বলে জানান তিনি।

সূত্র: সিএনএন

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়