বাংলাকে জাতিসংঘের অফিসিয়াল ভাষার স্বীকৃতি আদায়ে কাজ শুরু করা প্রয়োজন
সংবাদের আলো ডেস্ক: বাংলা ভাষাকে জাতিসংঘের অফিশিয়াল ভাষা হিসেবে স্বীকৃতি আদায়ের জন্য আমাদের কাজ শুরু করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে বাংলা একাডেমিতে অমর একুশে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী বলেন, অমর একুশে এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে সারাবিশ্বেই পালিত হচ্ছে। বায়ান্নর ভাষা আন্দোলনে শহীদদের আকাঙ্ক্ষাকে ধারণ করে আজকের এই বাংলা একাডেমি। এর সৃজনশীল কার্যক্রমের অন্যতম একটি গুরুত্বপূর্ণ কাজ অমর একুশে বইমেলা।
তিনি আরও বলেন, সময়ের প্রেক্ষিতে আগামী বছরগুলোতে অমর একুশে বইমেলা অমর একুশে আন্তর্জাতিক বইমেলা হিসেবে আয়োজন করার সুযোগ রয়েছে কিনা সেটি ভেবে দেখার অনুরোধ জানান আয়োজক কমিটির প্রতি।
বর্তমান গ্লোবাল ভিলেজের সময়ে মাতৃভাষা ছাড়াও আরও একাধিক ভাষার সঙ্গে পরিচিত হওয়া অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বর্তমানে প্রতিযোগিতামূলক বিশ্বে সমৃদ্ধি এবং সম্মানের সঙ্গে টিকে থাকতে হলে জ্ঞান এবং মেধাভিত্তিক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠার বিকল্প নেই। এজন্য জ্ঞানে-বিজ্ঞানে, প্রযুক্তিতে, মেধায় নিজেদের সমৃদ্ধ হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।