চট্টগ্রামে স্বতন্ত্র প্রার্থীর কাছে থেকে সাড়ে ১০ লাখ টাকাসহ মাইক্রোবাস জব্দ
সংবাদের আলো ডেস্ক: চট্টগ্রাম-১৪ আসনের চন্দনাইশ উপজেলায় ১০ লাখ ৪৯ হাজার টাকাসহ একটি মাইক্রোবাস জব্দ করেছে সেনাবাহিনী।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার আবদুল বারিহাট এলাকা থেকে মাইক্রোবাসটি জব্দ করা হয়।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াছ খান জানান, রাত দেড়টার দিকে এসব টাকা ও মাইক্রোবাসটি থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী।
ওসি আরও জানান, প্রাথমিকভাবে জানা গেছে, জব্দ করা টাকা এক স্বতন্ত্র প্রার্থীর। বিষয়টির সত্যতা যাচাই করে নির্বাচনী ট্রাইব্যুনালের সিদ্ধান্তের আলোকে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।
টাকা জব্দ করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক) ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, একটি মাইক্রোবাসের পাশে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে ঘিরে রয়েছেন সেনাসদস্যরা। এ সময় ওই ব্যক্তিকে গাড়িতে টাকা গুনতে দেখা যায়। এ সময় একজন ওই ব্যক্তির পরিচয় জানতে চান। টাকা গুনতে থাকা ব্যক্তি উত্তরে জানান, তিনি মিজানুল হক চৌধুরীর এস্টেট ম্যানেজার।
চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) আসনে মিজানুল হক চৌধুরী ফুটবল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।