বুধবার, ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ঢাকায় নিরাপত্তা জোরদার

সংবাদের আলো ডেস্ক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজধানী ঢাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও কড়াকড়ি করা হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে একাধিক চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে গুলশান-বাড্ডা লিংক রোডে ‘র‍্যাব-১’-এর উদ্যোগে বসানো হয় বিশেষ চেকপোস্ট। অবৈধ অস্ত্র উদ্ধার এবং নাশকতা তৈরির চেষ্টা রোধ করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এ সময় সন্দেহভাজন ব্যক্তিদের শনাক্ত করতে যানবাহন থামিয়ে তল্লাশি চালানো হয়।

র‍্যাব কর্মকর্তারা জানিয়েছেন, নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো ধরনের সহিংসতা কঠোরভাবে দমন করা হবে। অন্যদিকে, ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে যৌথবাহিনী মাঠে থাকবে বলে জানিয়েছেন দিয়া বাড়ি ক্যাম্পের মেজর গাজী মেহেদী হাসান। মঙ্গলবার রাতে উত্তরার মুগ্ধ মঞ্চে এক ব্রিফিংয়ে তিনি বলেন, ভোটাররা কেন্দ্র পর্যন্ত যাওয়া এবং ভোট দিয়ে নিরাপদে বাড়ি ফেরার পর্যন্ত সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হবে।

এদিকে, রাতেই রাজধানীর মোহাম্মদপুর এলাকায় নিরাপত্তা জোরদার করতে সেনাবাহিনী চেকপোস্ট বসিয়েছে। সেখানে যানবাহন থামিয়ে তল্লাশি চালানো হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনী জানায়, শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে এই নিরাপত্তা ব্যবস্থা ভোটের দিন এবং ভোটগ্রহণের পরেও অব্যাহত থাকবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়