৭ ফেব্রুয়ারি উত্তরবঙ্গের ৩ জেলায় তারেক রহমানের জনসভা
সংবাদের আলো ডেস্ক: নির্বাচনী প্রচারণায় আগামী ৭ ফেব্রুয়ারি দেশের উত্তরাঞ্চলের ৩টি জেলা সফর করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জেলাগুলো হলো— দিনাজপুর, ঠাকুরগাঁও ও নীলফামারী।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিএনপি চেয়ারম্যানের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার স্বাক্ষরিত এক বার্তায় তারেক রহমানের সার্বিক সফরসূচির তালিকা দেয়া হয়।
এতে বলা হয়, ৭ ফেব্রুয়ারি সকাল ১০টায় বিমানযোগে সৈয়দপুরের উদ্দেশে রওনা হবেন তারেক রহমান। বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে তিনি ঠাকুরগাঁও জেলা শহরে পৌঁছবেন। সকাল সাড়ে ১১টায় ঠাকুরগাঁও জেলা হাইস্কুল মাঠের জনসভায় যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান।
ঠাকুরগাঁওয়ে জনসভা শেষে তিনি নীলফামারীর উদ্দেশে রওনা হবেন। দুপুর দেড়টায় নীলফামারী পৌরসভা মাঠে আয়োজিত জনসভায় যোগ দেবেন তিনি।
এরপর তারেক রহমান রওনা হবেন দিনাজপুরের উদ্দেশে। দুপুর আড়াইটাই দিনাজপুরের বিরামপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তৃতা দেবেন তিনি।
তিনটি জনসভা শেষে সেদিন বিকেল ৫টায় বিমানযোগে ঢাকার উদ্দেশে রওনা হবেন তারেক রহমান। সন্ধ্যা ৬টা নাগাদ তার ঢাকা ফেরার কথা রয়েছে।
এর আগে, বুধবার দিনাজপুরে জেলা বিএনপির কার্যালয়ে এক বৈঠক শেষে দলের স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছিলেন আগামী ৭ ফেব্রুয়ারি তারেক রহমান ভোটের প্রচারণায় উত্তরবঙ্গের ৩ জেলা সফরে আসবেন।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।