বাচ্চা ছেলেগুলো বেসামাল কথাবার্তা বলছে, যেটা আসলে খুবই বিরক্তিকর: মির্জা আব্বাস
সংবাদের আলো ডেস্ক: বাচ্চা ছেলেগুলো বেসামাল কথাবার্তা বলছে, যেটা আসলে খুবই বিরক্তিকর: মির্জা আব্বাসত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানীর ঢাকা-৮ আসনে আজও পৃথক পৃথক স্থানে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস এবং ১১ দলীয় ঐক্যজোট মনোনীত প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। প্রচারণাকে কেন্দ্র করে একে অপরের বিরুদ্ধে কঠোর বক্তব্য দেন দুই প্রার্থীই।
প্রচারণায় অংশ নিয়ে মির্জা আব্বাস বলেন, “বাচ্চা ছেলেগুলো বেসামাল কথাবার্তা বলছে, যেটা আসলে খুবই বিরক্তিকর। এখন ওরা চাচ্ছে ওদের কাছ থেকে আমরা শিখি। কিন্তু আমরা সেটা চাই না।”
আজ সকালে রাজধানীর খিলগাঁও এলাকায় নির্বাচনী প্রচারণা চালান মির্জা আব্বাস। এ সময় তিনি বলেন, “এখানে আমার বাড়ি, সবকিছুই এখানে। যারা জনগণের উন্নয়ন দেখতে চায় না তারা আমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতামূলক আচরণ করতে গিয়ে জনগণের ওপর অবিচার করছে। এখানে বিগত দিনে আওয়ামী লীগ একেবারে সব দিক থেকে ধ্বংস করে দিয়েছে।”
তিনি আরও বলেন, “কিছু কিছু প্রার্থীর মুখে শুধু আমারই নাম, অন্য কোনো নাম নেই। তারা ভোটও চায় না। শুধু আমার বিরুদ্ধে অনর্গল কথা বলছে।”
অন্যদিকে, একই আসনে প্রচারণা চালিয়ে ১১ দলীয় ঐক্যজোট মনোনীত প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “একজন গ্যাংস্টার, চাঁদাবাজ, দুর্নীতিবাজ এবং সন্ত্রাসী ব্যক্তি সংসদ সেশনে দাঁড়িয়ে থাকে বা নির্বাচনে দাঁড়িয়ে থাকে, পেশিশক্তি ব্যবহার করে, কালো টাকা ব্যবহার করে, এটার বিরুদ্ধে তো আগে আমাদের বলতে হবে।”
নিজেদের রাজনৈতিক অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে তিনি আরও বলেন, “অনেকে বলতেছে আমরা বিষোদগারের রাজনীতি করি। কিন্তু সেটা করছি করি না। দেশের যে মৌলিক সমস্যাগুলো রয়েছে সেগুলো নিয়ে কথা বলি। কথা বলাতে যারা এই এস্টাবলিশমেন্টের অংশ হয়েছে, তারা আমাদের বিরুদ্ধে লাগে।”
পাটওয়ারী বলেন, “এরপরে বলে ছেলেগুলা বেয়াদব, অর্বাচীন, অনেক আমাদেরকে দিয়ে থাকে তারা। শেখ হাসিনা যেভাবে আমাদেরকে অনেক কথা বলেছিল, আমরা যখন বলেছিলাম আপনি বাংলাদেশে ফ্যাসিবাদী ব্যবস্থা রাখতে পারবেন না। তো সেই অবস্থা এখনও চলছে।”
ঢাকা-৮ আসনে দুই প্রার্থীর প্রচারণা ও পাল্টাপাল্টি বক্তব্যে নির্বাচনী মাঠে উত্তাপ আরও বেড়েছে বলে মনে করছেন স্থানীয় ভোটাররা।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।