আমরা পরিবারতন্ত্রের সংস্কৃতি চিরতরে মুছে দিতে চাই: জামায়াত আমির
সংবাদের আলো ডেস্ক: যুব সমাজের প্রত্যাশার বাংলাদেশ গড়তে কাজ করবে জামায়াতে ইসলামী। যারা বাংলাদেশকে ভালোবাসবে তাদের প্রথম ভোট হবে ‘হ্যাঁ’, দ্বিতীয় ভোটটি হবে ইনসাফের পক্ষে। আমরা পরিবারতন্ত্রের সংস্কৃতি চিরতরে মুছে দিতে চাই। আমরা এমন বাংলাদেশ চাই যেখানে একজন রিকশাচালকও প্রধানমন্ত্রী হতে পারেন বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ১০টার দিকে ফেনী সরকারি কলেজ মাঠে নির্বাচনি জনসভায় এসব কথা বলেন তিনি।
জামায়াত আমির বলেন, অতীতের বস্তাপচা রাজনীতি এ দেশের মানুষ আগামী ১২ ফেব্রুয়ারি প্রত্যাখ্যান করবে। সারাদেশে জামায়াতের নারীকর্মীদের হেনস্তা করা হয়েছে। নারীদের বেইজ্জতি আমরা সহ্য করতে পারবো না।
বেকারভাতা নিয়ে বিএনপির প্রতিশ্রুতির বিষয়ে তিনি বলেন, বসে বসে বেকারভাতা খাব না, আমরা কর্মসংস্থান তৈরি করবো। ন্যায়-ইনসাফের জন্য আমরা চাই ঐক্যবদ্ধ বাংলাদেশ। পেছনে নয়, সামনে দৌড়াবো। জামায়াতে ইসলামীর বিজয় নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই।
ফেনীর ভোটারদের উদ্দেশ্যে ডা. শফিকুর রহমান বলেন, ফেনীতে মেডিকেল কলেজ প্রতিষ্ঠা হবে। যে বাঁধের কারণে ফেনীবাসীর দুঃখ, বন্যার চিরায়ত সে সমস্যা তার সমাধান করা হবে। ফেনীতে একটি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম করার চেষ্টা করবে জামায়াত।
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নির্যাতনে মারা যাওয়া বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে স্মরণ করে তিনি বলেন, আজ আমার মনে পড়ে বুয়েটের ছাত্র আবরার ফাহাদকে। এই ফেনী নদী নিয়ে কথা বলার কারণেই তাকে জীবন দিতে হয়েছে। যারা আধিপত্যবাদের দালাল তারা তাকে সহ্য করতে পারেনি। আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করুন। আপনারা আবরার ফাহাদকে স্মরণে রাখবেন, তাকে হৃদয়ে ধারণ করবেন।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।