বুধবার, ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

ক্ষমতায় গেলে ধাপে ধাপে পরিকল্পনা বাস্তবায়ন করা হবে: তারেক রহমান

সংবাদের আলো ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে দেশের মানুষের জন্য নেওয়া পরিকল্পনাগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, “রাজনীতিতে মানুষের সঙ্গে প্রতারণার কোনো সুযোগ নেই; কারণ রাজনীতি করতে হলে শেষ পর্যন্ত জনগণের কাছেই ফিরে যেতে হয়। অভিজ্ঞ দল হিসেবে বিএনপি জানে কোন পরিকল্পনা কীভাবে বাস্তবায়ন করতে হয়।”

রবিবার (২৫ জানুয়ারি) নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে চৌদ্দগ্রাম হাইস্কুল মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, বিএনপি অতীতে কয়েকবার দেশ পরিচালনা করেছে এবং সেই অভিজ্ঞতা থেকেই দল বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণ করেছে।

তিনি জানান, বিএনপি সরকার গঠন করলে প্রতিটি ঘরে ঘরে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। এই কার্ডের মাধ্যমে প্রতি মাসে মা-বোনদের জন্য নির্দিষ্ট পরিমাণ সহযোগিতা পৌঁছে দেওয়া হবে। তবে তিনি স্পষ্ট করেন যে, একবারেই সবকিছু দেওয়ার প্রতিশ্রুতি তিনি দিচ্ছেন না; বরং সামর্থ্য অনুযায়ী ধীরে ধীরে অন্তত সাত দিনের প্রয়োজন মেটানোর মতো সহায়তা গ্রামাঞ্চলের খেটে খাওয়া মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে।

তারেক রহমান আরও বলেন, “একটি নির্বাচিত সরকারের মেয়াদ পাঁচ বছর। এই পাঁচ বছরে যত বেশি সংখ্যক মায়ের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া যায়, সেটিই বিএনপির লক্ষ্য। যারা এসব পরিকল্পনা নিয়ে সমালোচনা করছেন, তারা আসলে মানুষের জন্য ভালো কিছু উপস্থাপন করতে পারেননি বলেই হিংসা করছেন।”

কৃষকদের প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি কৃষক ভাইদের পাশে দাঁড়াতে চায় এবং এজন্য ‘কৃষক কার্ড’ চালু করার পরিকল্পনা রয়েছে। এই কার্ডের মাধ্যমে সার, বীজ ও কীটনাশক প্রান্তিক, ক্ষুদ্র ও মাঝারি কৃষকদের কাছে সহজে পৌঁছে দেওয়া হবে। রাজনীতিতে দেওয়া প্রতিশ্রুতি পূরণ না হলে মানুষের আস্থা নষ্ট হয়; তাই যা বলা হচ্ছে, তা বাস্তবায়নের দায়ও বিএনপি নেবে বলে তিনি উল্লেখ করেন।

চৌদ্দগ্রামের স্থানীয় সমস্যার কথা তুলে ধরে তিনি বলেন, এই অঞ্চল দেশের অন্যতম সবজি উৎপাদন এলাকা হলেও খাল ভরাট হয়ে যাওয়ায় কৃষিকাজে পানির সংকট দেখা দিয়েছে। বিএনপি সরকার গঠন করলে এখানকার খাল খনন করা হবে এবং তিনি নিজেই এসে সেই কাজের উদ্বোধন করবেন বলে আশ্বাস দেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়