সোমবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

পাবনা-৩ আসনে স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় হামলার অভিযোগ, আহত প্রার্থীর ছেলে

সঞ্জিত চক্রবর্তী, পাবনা প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ঘোড়া মার্কার প্রতীক নিয়ে ভোট চাইতে গিয়ে হামলার শিকার হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী কে এম আনোয়ারুল ইসলামের ছেলে কে এম মনোয়ারুল ইসলাম শাফী। শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে পাবনার চাটমোহর উপজেলার ফৈলজানা বাজারে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও আহত শাফীর বরাতে জানা যায়, ফৈলজানা ইউনিয়নের লোকমান মেম্বার ও মামুনের নেতৃত্বে ২০–২৫ জনের একটি দল পাবনা-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী কে এম আনোয়ারুল ইসলামের নির্বাচনি প্রচারণায় বাধা দেয়। তারা দাবি করে, ধানের শীষ প্রতীকের বাইরে অন্য কোনো প্রার্থীর পক্ষে ওই এলাকায় প্রচারণা চালানো যাবে না।

শাফী জানান, তিনি তার সঙ্গে থাকা প্রায় ১৫ জন কর্মী ও সন্তানসহ দুটি মাইক্রোবাসে করে ফৈলজানা বাজার এলাকায় ভোট চাইছিলেন। এ সময় হামলাকারীরা তাদের মাইক্রোবাস ঘিরে ধরে অবরুদ্ধ করে রাখে। ঘটনার ভিডিও ধারণ করতে গেলে বাধা দেওয়া হয়।

তিনি আরও জানান, ভোট চাওয়া নাগরিকের গণতান্ত্রিক অধিকার উল্লেখ করলে একপর্যায়ে তাকে চারদিক থেকে ঘিরে ধরে কিল-ঘুষি মারা হয়। এ সময় তার হাতে থাকা মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে ভাঙচুর করা হয়। এতে তিনি আহত হন।

এ ঘটনায় অভিযুক্ত ফৈলজানা ইউনিয়নের লোকমান মেম্বারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, আমি বাজারে এসে দেখি তারা বলছেন কে এম আনোয়ারুল ইসলাম বিএনপির মনোনীত প্রার্থী। এ নিয়ে উপস্থিত লোকজনের সঙ্গে তর্কাতর্কি হয়। তিনি দাবি করেন, “আমি বলেছি তুহিন সাহেব বিএনপির মনোনীত প্রার্থী। এ সময় কিছুটা রাগারাগি ও ধাক্কাধাক্কি হয়েছে, তবে বড় কোনো হামলার ঘটনা ঘটেনি।”

এ বিষয়ে চাটমোহর থানার অফিসার ইনচার্জ গোলাম সারওয়ার হোসেন বলেন, “ঘটনার কথা আমরা জেনেছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়