মার্চের মধ্যে নির্বাচনী রোডম্যাপ না এলে পরবর্তী সিদ্ধান্ত: সালাহউদ্দিন আহমেদ

সংবাদের আলো ডেস্ক: মার্চের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না দিলে দেশের রাজনৈতিক দলগুলো বসে ভিন্ন সিদ্ধান্ত নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। শনিবার (১ মার্চ) দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনষ্টিটিউশনে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। এ সময় নতুন রাজনৈতিক দলকে স্বাগত জানানোর পাশাপাশি দলটির ‘সেকেন্ড রিপাবলিক’ তত্ত্ব নিয়ে প্রশ্ন তোলেন তিনি। সালাহউদ্দিন বলেন, তাদের ঘোষণাপত্রে বলেছে- সেকেন্ড রিপাবলিক করবে। আমাদের প্রশ্ন বর্তমান রিপাবলিক কি অসুস্থ হয়ে গেছে? বর্তমান রিপাবলিক কি নেই? আপনারা তো সংস্কার কমিশনে সংশোধনী দিয়েছেন।
গণপরিষদ নাম কেন হবে? সালাহউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশ নতুন করে স্বাধীন হওয়া দেশ নয়, বরং ফ্যাসিবাদ জমানা থেকে ফেরাতে সংশোধন জরুরি। তিনি আরও বলেন, রাজপথে বেড়ে ওঠা ঐক্য বিনষ্ট হলে লাভবান হবে পতিত স্বৈরাচার। এসময় স্থানীয় সরকার নির্বাচনের নামে গণতান্ত্রিক প্রক্রিয়া দীর্ঘায়িত করা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। তিনি বলেন, জাতীয় নাগরিক কমিটি থেকে কোনও রাজনৈতিক দর্শন পাওয়া যাচ্ছে না।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।