সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ২৫ কোটি টাকায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে : তথ্য প্রতিমন্ত্রী
সংবাদের আলো ডেস্ক: অসচ্ছল সাংবাদিকদের আর্থিক সহায়তা বাড়াতে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ প্রায় ৭ কোটি টাকা থেকে বাড়িয়ে ২৫ কোটি টাকা করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে অর্থ মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে এবং অর্থমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। আজ জাতীয় সংসদে টাঙ্গাইল-৭ আসনের সরকারি দলের সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকীর এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার পাশাপাশি নিবন্ধিত অনলাইন পোর্টালে কর্মরত সাংবাদিকদেরও আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে।
তিনি বলেন, ‘সাংবাদিক কল্যাণ ট্রাস্টের জন্য বরাদ্দ প্রায় ৬ থেকে ৭ কোটি টাকা ছিল। এটি বাড়িয়ে ২৫ কোটি টাকা করার জন্য ইতোমধ্যে অর্থ মন্ত্রণালয়ে আবেদন করেছি। অর্থমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আশা করছি, স্বল্প সময়ের মধ্যেই ২৫ কোটি টাকা না হলেও এর কাছাকাছি পরিমাণ বরাদ্দের আবেদন অনুমোদন করাতে পারব।’
প্রতিমন্ত্রী জানান, শুধু টাঙ্গাইল নয়, সারা দেশের অসচ্ছল সাংবাদিকদের জন্য এ অনুদান দেওয়া হবে। সাংবাদিকদের কল্যাণে এ সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, অসচ্ছল সাংবাদিকদের সাধারণ আর্থিক সহায়তার পাশাপাশি ক্যান্সারসহ বিশেষ ধরনের জটিল রোগে আক্রান্ত সাংবাদিকদের চিকিৎসার জন্যও বিশেষ বরাদ্দ দেওয়ার সুযোগ রয়েছে। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সভাপতি হিসেবে তিনি এ ধরনের ক্ষেত্রে অতিরিক্ত বরাদ্দ দিতে পারেন।
এদিকে, সরকারি দলের অপর সংসদ সদস্য রেহানা আক্তার রানুর এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড ও নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের বিভিন্ন কর্মসূচি সামাজিক যোগাযোগমাধ্যম, টেলিভিশন চ্যানেল এবং সংবাদপত্রে ক্রোড়পত্র প্রকাশ ও সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রচার করা হচ্ছে।
তিনি বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও খাল খনন কর্মসূচিসহ সরকারের বিভিন্ন উদ্যোগের তথ্য জনগণের কাছে তুলে ধরা হচ্ছে। প্রতিমন্ত্রী সংসদ সদস্যদেরও নিজ নিজ সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড ও ইতিবাচক কর্মসূচিগুলো প্রচারের আহ্বান জানান। এর মাধ্যমে সরকারের কার্যক্রম সম্পর্কে জনগণ আরও ভালোভাবে জানতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি বলেন, বর্তমান সরকার উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে কাজ করে যাচ্ছে এবং এসব কার্যক্রম অব্যাহত থাকবে। এ ক্ষেত্রে তিনি সংসদ সদস্যদের সহযোগিতা কামনা করেন।
এছাড়া সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকীর তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে ইয়াসের খান চৌধুরী জানান, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট কর্তৃক টাঙ্গাইল জেলার সাংবাদিকদের কল্যাণে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ট্রাস্টের মাধ্যমে অসচ্ছল, অসুস্থ ও করোনাকালীন সম্মুখসারির সাংবাদিকদের আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। ২০২৪ থেকে ২০২৬ সাল সেপ্টেম্বর পর্যন্ত ৪ জন সাংবাদিককে ২ লাখ টাকা কল্যাণ অনুদান প্রদান করা হয়েছে।


সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।