,

শিরোনাম

উত্তরায় ‘নয়াদিল্লি’ বানিয়ে ভিডিও করা চীনাদের আর দেখা যাচ্ছে না

সংবাদের আলো ডেস্ক: রাজধানী ঢাকার উত্তরার অলিগলি ও আবাসিক এলাকাকে ভারতের ‘নয়াদিল্লি’ হিসেবে পরিচয় করিয়ে ভিডিও ধারণ এবং লাইভ সম্প্রচার করা চীনা নাগরিকদের আর দেখা যাচ্ছে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি ও জিজ্ঞাসাবাদ জোরদার হওয়ার পর তাদের উপস্থিতি ও তৎপরতা হঠাৎ করেই বন্ধ হয়ে গেছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত কয়েক মাস ধরে কিছু চীনা নাগরিক উত্তরার বিভিন্ন অলিগলি, বাজার ও আবাসিক এলাকার দৃশ্য ধারণ করে সেগুলো নিয়ে আপত্তিকর ও অবমাননাকর মন্তব্য করছিলেন। এর মধ্যে:মিয়ানমিয়ান নামের এক ভিডিওধারী উত্তরার টেকপাড়াকে ভারতের ‘নয়াদিল্লি’ হিসেবে পরিচয় করিয়ে দেন এবং সেখানকার বাড়িঘর নিয়ে নেতিবাচক মন্তব্য করেন।

ওয়াং ওয়েই নামের আরেক চীনা নাগরিক স্থানীয় চায়ের স্বাদ নিয়ে আপত্তিকর মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে।এসব ভিডিও চীনের সামাজিক যোগাযোগমাধ্যম উইচ্যাট ও ডুইনে প্রকাশ করা হচ্ছিল। স্থানীয়দের প্রশ্ন ছিল- বিদেশি নাগরিক হয়ে তারা কেন সাধারণ মানুষের ব্যক্তিগত জীবন ও পরিবেশের ভিডিও এভাবে ধারণ করবেন?

গণমাধ্যমে এ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হলে বিষয়টি প্রশাসনের নজরে আসে এবং পুলিশি নজরদারি বাড়ানো হয়। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর বলেন, বিষয়টি নিয়ে পুলিশ অত্যন্ত তৎপর রয়েছে। বিদেশি নাগরিকদের চলাফেরা পর্যবেক্ষণের পাশাপাশি তাদের ভিসা ও পাসপোর্ট যাচাই করা হয়েছে। এ ছাড়া পর্যটক ভিসায় এসে তারা কী ধরনের কর্মকাণ্ড পরিচালনা করছেন, সে বিষয়েও তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সরেজমিনে উত্তরার ১২ নম্বর সেক্টর, টেকপাড়া ও আশপাশের এলাকায় গিয়ে চীনা নাগরিকদের আর ভিডিও ধারণ করতে দেখা যায়নি। স্থানীয় বাসিন্দারাও জানিয়েছেন, গত কয়েক দিন ধরে ওই এলাকায় এসব বিদেশি নাগরিকের আনাগোনা চোখে পড়ছে না। তবে পুলিশি তৎপরতার কারণেই তারা এলাকা ছেড়েছেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত পদক্ষেপ ও নজরদারি বৃদ্ধির ফলে উত্তরার স্থানীয় বাসিন্দাদের মাঝে স্বস্তি ফিরেছে। তবে পর্যটক ভিসায় এসে বিদেশি নাগরিকদের এমন উদ্দেশ্যপ্রণোদিত কর্মকাণ্ড এবং বিভ্রান্তিকর তথ্য প্রচারের পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা জরুরি। ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে বিদেশিদের গতিবিধি ও ভিসার শর্তাবলি পালনের বিষয়ে প্রশাসনের নিয়মিত তদারকি অব্যাহত রাখা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়