দ্বি-বার্ষিক সম্মেলনে সূর্যমুখী থিয়েটারের নতুন নেতৃত্ব, ২৭ সদস্যের কমিটি ঘোষণা
নেত্রকোনা প্রতিনিধি: হাওর অঞ্চলের মানুষের সামাজিক ও সাংস্কৃতিক বিকাশে দীর্ঘদিন ধরে ভূমিকা রেখে চলেছে সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ‘সূর্যমুখী থিয়েটার’। ২০০৮ সালে প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে জনকল্যাণে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় সংগঠনটির দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার কমরেড আবদুল বারী পাঠাগার ও সাংস্কৃতিক কেন্দ্রে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে আরিফুল ইসলাম পিয়াসকে সভাপতি, মোহাম্মদ শফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক এবং আকির হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে ২৭ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটির সহসভাপতি নির্বাচিত হয়েছেন মো. সেলিম, এনায়েত হোসেন অন্তর, খান মোবারক, ইতি শেখ, সাইফ আহমেদ সিয়াম, সৈকত জেরিন ও সাব্বির হোসেন মুন্না। সহসাধারণ সম্পাদক হয়েছেন নিশাদ খান নির্মাণ, লাভিত হাসান অনি, রায়হান আহমেদ প্রান্ত ও জয়ন্ত সরকার। সহসাংগঠনিক সম্পাদক হয়েছেন ইমন খান অভি।
সাংস্কৃতিক সম্পাদক লাদেন চৌধুরী বাঁধন, সাহিত্য সম্পাদক মোহনা আক্তার পান্না, দপ্তর সম্পাদক রামান্না খানম তৃপ্তি, কোষাধ্যক্ষ ইসরাত জাহান রেসি, প্রচার সম্পাদক জিহাদ হোসেন আরিফ এবং ক্রীড়া সম্পাদক মাইশা নাজ রাফা। সম্মানিত সদস্য হিসেবে রয়েছেন মোশাহিদুর রহমান আকাশ, শাহিদুল ইসলাম সাব্বির, মো. সাইফুল হাসান হিমেল, রাব্বুল ইসলাম, সাউদিয়া তারেক, আয়াতুল রহমান আয়াত ও শাহিদা সুলতানা বৃষ্টি।
সম্মেলনের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। এরপর সংগঠনের প্রয়াত সদস্য ও এলাকার মৃত ব্যক্তিদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। সংগঠনের বিদায়ী সভাপতি শাহিদুল ইসলাম সাব্বিরের সভাপতিত্বে সম্মেলনের প্রথম পর্ব অনুষ্ঠিত হয়। এ সময় স্বাগত বক্তব্যে তিনি সংগঠনের বিগত দিনের কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা ও সাংগঠনিক ধারাবাহিকতার বিভিন্ন দিক তুলে ধরেন।
সম্মেলনের গুরুত্বপূর্ণ পর্বে বিদায়ী কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। নির্বাচন প্রক্রিয়ায় প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রইস মনরম। নির্বাচন কমিশনার ছিলেন নারী নেত্রী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব তাহমিনা ছাত্তার। এ ছাড়া পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন আবৃত্তিকার ও উপস্থাপক কার্নিজ ফাতেমা জুঁই।
উল্লেখ্য, ২০০৮ সালে হাওর অঞ্চলের সন্তান হাবিবুর রহমান হানিফের উদ্যোগে সূর্যমুখী থিয়েটারের যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি সামাজিক সচেতনতা সৃষ্টি, সাংস্কৃতিক চর্চার প্রসার এবং বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডে ভূমিকা রেখে আসছে।
বর্তমানে সংগঠনটির সদস্যসংখ্যা প্রায় ১২০। তাঁদের অনেকেই দেশের বিভিন্ন স্থানে সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন।
অন্যদিকে, স্থানীয় সদস্যরা নিজ নিজ অবস্থান থেকে সাংস্কৃতিক চর্চা ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করছেন। সম্মেলনে উপস্থিত সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সম্মিলিত প্রচেষ্টায় সুশৃঙ্খলভাবে সম্মেলনের কার্যক্রম সম্পন্ন হয়। নতুন নেতৃত্বের মাধ্যমে সূর্যমুখী থিয়েটারের সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম আরও বিস্তৃত হবে এবং হাওর অঞ্চলের মানুষের কল্যাণে সংগঠনটি আরও কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।


সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।