,

শিরোনাম

ইরানি আলোকচিত্রী মরিয়মের ‘পেইনফুল হাগ’ পেল বছরের সেরা ফাইন আর্ট ফটোগ্রাফির পুরস্কার

সংবাদের আলো ডেস্ক: ইরানি আলোকচিত্রী মরিয়ম সাঈদপুর। গত মার্চে, তার তোলা যুদ্ধকালীন ছবি ‘Painful Hug’-এর জন্য ২০২৬ সালের ইন্টারন্যাশনাল ফটোগ্রাফি অ্যাওয়ার্ডসের (আইপিএ) ফাইন আর্ট ফটোগ্রাফার অব দ্য ইয়ার নির্বাচিত হয়েছেন। এর মধ্য দিয়ে প্রতিযোগিতার পেশাদার বিভাগের সর্বোচ্চ পুরস্কারের চূড়ান্ত তালিকাতেও জায়গা করে নিয়েছেন তিনি।

এ বছরের প্রতিযোগিতায় পেশাদার ফাইন আর্ট বিভাগে সেরা নির্বাচিত হয়েছে সাঈদপুরের ছবি। পেশাদারদের জন্য মোট ১১টি বিভাগে বিজয়ী নির্বাচন করেছে আইপিএ।

‘Painful Hug’ ছবিটি যুদ্ধের সময় তেহরানে ধারণ করা। ছবিটিতে আলিঙ্গনের মতো একটি সাধারণ মুহূর্তের মধ্য দিয়ে ভয়-নিরাপত্তার আকাঙ্ক্ষা-শান্তির প্রত্যাশা তুলে ধরা হয়েছে বলে জানিয়েছে আয়োজকরা।

আইপিএ’র বিচারক প্যাটি ও’হ্যালোরান বলেন, ছবিটিতে যুদ্ধকালীন যন্ত্রণা, সান্ত্বনা ও ভয়ের মধ্যে তৈরি হওয়া টানাপোড়েনের বিষয়টি তুলে ধরেছেন।

যুদ্ধের দিনগুলোতে তিনি কীভাবে সময় কাটিয়েছেন, সেই অভিজ্ঞতাও জানিয়েছেন সাঈদপুর। তিনি বলেন, যুদ্ধ চলাকালে দিনের বেশিরভাগ সময় তিনি ছাদে থাকতেন। তার ইচ্ছা ছিল তেহরানকে যেন নিজের হাতে ধরে রাখা যায় এবং যেকোনো ক্ষতি থেকে শহরটিকে রক্ষা করা যায়।

বিশ্বনেতাদের উদ্দেশ্যেও একটি বার্তা রয়েছে তার ছবিতে। সাঈদপুরের আশা, বিশ্বনেতারা যদি একে অপরকে আলিঙ্গন করতেন, তাহলে হয়তো যুদ্ধেরই প্রয়োজন হতো না।

পেশাদার বিভাগে বিজয়ী হওয়ায় সাঈদপুর পাবেন ১ হাজার ডলার পুরস্কার। একই সঙ্গে তিনি ইন্টারন্যাশনাল ফটোগ্রাফার অব দ্য ইয়ার নির্বাচনের চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন।

পেশাদার বিভাগের ১১টি ক্যাটাগরির বিজয়ীরা এই পুরস্কারের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন। চূড়ান্ত বিজয়ীর জন্য রয়েছে ১০ হাজার ডলার পুরস্কার।

আগামী ১১ অক্টোবর, গ্রিসের এথেন্সের বেনাকি মিউজিয়ামে অনুষ্ঠিত হবে আইপিএ অ্যাওয়ার্ডস গালা। সেখানেই ঘোষণা করা হবে এবারের ইন্টারন্যাশনাল ফটোগ্রাফার অব দ্য ইয়ার-এর নাম।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়