,

শিরোনাম

ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশীপ ২০২৬ এ ১৫টি পদক জয় করে রাজশাহী তায়কোয়ানডো দোজাং

সংবাদের আলো ডেস্ক: ঢাকার মিরপুরে অবস্থিত শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল ‘ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশীপ ২০২৬’। মোহাম্মদপুর তায়কোয়ানডো ক্লাবের আয়োজনে এবং বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত এই জাতীয় প্রতিযোগিতায় অনন্য নৈপুণ্য প্রদর্শন করেছে ‘রাজশাহী তায়কোয়ানডো দোজাং’। বিভিন্ন ক্যাটাগরিতে দুর্দান্ত ক্রীড়াশৈলী দেখিয়ে ক্লাবের তরুণ ও উদীয়মান অ্যাথলেটরা মোট ১৫টি পদক (৬টি স্বর্ণ, ৭টি রৌপ্য ও ২টি ব্রোঞ্জ) জয় করেছেন।

প্রতিযোগিতায় রাজশাহী তায়কোয়ানডো দোজাং-এর নারী ক্যাটাগরিতে এসেছে সবচেয়ে বড় সাফল্য। দলের হয়ে মারিন আশরাফি জুনিয়র কিওরোগি (-৪৬ কেজি) এবং জুনিয়র পুমসে (১৪–১৭ বছর) দুটি ভিন্ন ইভেন্টেই একক আধিপত্য বজায় রেখে ২টি স্বর্ণপদক অর্জন করেন। এছাড়া জুনিয়র পুমসে (৯–১২ বছর) ক্যাটাগরিতে দুর্দান্ত পারফর্ম করে স্বর্ণপদক জিতেন আনিকা।

নারীদের বিভাগে রৌপ্য পদক নিশ্চিত করেন ইরা (জুনিয়র কিওরোগি -৪৬ কেজি ও জুনিয়র পুমসে ৯–১২ বছর), আনিকা (জুনিয়র কিওরোগি +৪১ কেজি) এবং জাফরিন জারা (জুনিয়র পুমসে ৯–১২ বছর)। তাছাড়াও জুনিয়র পুমসে বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করে ব্রোঞ্জ পদক অর্জন করেন মৌনিয়া।

অন্যদিকে, পুরুষদের ইভেন্টেও রাজশাহীর খেলোয়াড়দের পদক জয়ের ধারাবাহিকতা বজায় ছিল। পুরুষ বিভাগে স্বর্ণপদক অর্জন করেন মোঃ ইমতিয়াজ আলী (১২–১৪ বছর, -৪৭ কেজি), প্রিন্স আদনান (-২৬ কেজি) এবং ১৪–১৭ বছর ক্যাটাগরির কিওরোগি ইভেন্টের (-৪৮ কেজি) এক উদীয়মান প্রতিযোগী। রৌপ্য পদক নিশ্চিত করেন তাহসিন (-৪০ কেজি) এবং প্রিন্স আদনান (জুনিয়র ৬–৯ বছর পুমসে ইভেন্ট)। তাছাড়াও জুনিয়র পুমসে বিভাগে ব্রোঞ্জ পদক জিতেন জয়নব।

প্রতিযোগিতায় নিরপেক্ষ ও বিশ্বমানের ম্যাচ পরিচালনায় বিশেষ ভূমিকা রাখেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অফিশিয়াল রেফারিগণ। এই প্রতিযোগিতায় রাজশাহী তায়কোয়ানডো দোজাং এর ৪জন রেফারীর দায়িত্ব পালন করেন আন্তর্জাতিক ৪র্থ ড্যান ব্ল্যাকবেল্টধারী ও রাজশাহী বিভাগীয় তায়কোয়ানডো অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মুমিত হাসান ব্রাইট অফিসিয়াল রেফারির দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করেন। তাঁর সাথে প্যানেলে অফিশিয়াল রেফারি হিসেবে আরও দায়িত্ব পালন করেন মোঃ আশিক মাহমুদ (আন্তর্জাতিক ২য় ড্যান ব্ল্যাকবেল্ট), শ্রাবন্তী ইসলাম বর্ষা (আন্তর্জাতিক ১ম ড্যান ব্ল্যাকবেল্ট) এবং মোঃ ইহতেশামুল আলম (আন্তর্জাতিক ১ম ড্যান ব্ল্যাকবেল্ট)।

জাতীয় পর্যায়ের এই বিপুল পদক জয় রাজশাহী অঞ্চলের ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে এবং তায়কোয়ানডো খেলায় উদীয়মান খেলোয়াড়দের আরও সুদূরপ্রসারী পথ চলায় অনুপ্রেরণা জোগাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ক্রীড়ামোদী মহল।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়