,

শিরোনাম

স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে গণঅধিকার পরিষদ

সংবাদের আলো ডেস্ক: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কোনো রাজনৈতিক জোটের হয়ে নয়, এককভাবে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে গণঅধিকার পরিষদ। দলটির নেতাকর্মীরা ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকারের বিভিন্ন নির্বাচনে নিজস্বভাবে প্রার্থী হতে পারবেন। কোনো এলাকায় একাধিক দলীয় নেতা প্রার্থী হলে উপযুক্ত একজনকে বেছে নিয়ে তার পক্ষে সাংগঠনিক ও রাজনৈতিক সমর্থন দেওয়ার সিদ্ধান্তের কথাও জানিয়েছে দলটি।

আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীতে দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে দলের অবস্থান তুলে ধরে এ ঘোষণা দেওয়া হয়।

এতে লিখিত বক্তব্য পাঠ করেন গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আল মামুন। দলটির মুখপাত্র আবু হানিফ জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদ সম্মেলনে বলা হয়, নির্বাচন কমিশন স্থানীয় সরকার নির্বাচন থেকে দলীয় প্রতীক বাদ দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে, তা রাজনৈতিক দল ও সাধারণ প্রার্থীদের অংশগ্রহণের সুযোগ বাড়িয়েছে বলে মনে করে গণঅধিকার পরিষদ। এ পরিস্থিতিতে দলের সর্বস্তরের নেতাকর্মীদের নির্বাচনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

দলটির পক্ষ থেকে বলা হয়, স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়া নেতাকর্মীদের প্রয়োজনীয় রাজনৈতিক ও সাংগঠনিক সহযোগিতা দেওয়া হবে। কোনো নির্বাচনি এলাকায় দলের একাধিক নেতা প্রার্থী হলে বিশৃঙ্খলা এড়াতে দল উপযুক্ত প্রার্থী বাছাই করে তার প্রতি সমর্থন জানাবে। তবে এই সমর্থন দলের নীতি-আদর্শ ও প্রার্থীর যোগ্যতার ভিত্তিতে দেওয়া হবে বলে জানানো হয়।

এছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের ব্যক্তি গণঅধিকার পরিষদের নীতি ও আদর্শের সঙ্গে একমত হলে দলটির সমর্থিত প্রার্থী হওয়ার সুযোগ পাবেন। তবে তাকে গণঅধিকার পরিষদের প্রাথমিক সদস্য হতে হবে। কোনো এলাকায় দলের উপযুক্ত প্রার্থী না থাকলে সৎ, যোগ্য, দেশপ্রেমিক ও জনবান্ধব প্রার্থীর পক্ষে দলটির নেতাকর্মীরা অবস্থান নেবেন বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে তিনটি দাবিও জানিয়েছে গণঅধিকার পরিষদ। 

দলটির প্রথম দাবি, চেয়ারম্যান পদে প্রার্থীদের ন্যূনতম স্নাতক এবং সদস্য পদে প্রার্থীদের উচ্চমাধ্যমিক পাসের যোগ্যতা নির্ধারণ করতে হবে।

দ্বীতিয় বাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়ারও দাবি জানিয়েছে। গণঅধিকার পরিষদের বক্তব্য, এমপিওভুক্ত শিক্ষকরা রাজনীতিতে অংশ নিতে পারলে স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে তাদের ওপর বিধিনিষেধ থাকা উচিত নয়।

তৃতীয় দাবিতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের উপযোগী করে মাঠ প্রশাসনকে প্রস্তুত করার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে দ্রুত ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশন নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছে দলটি।

গণঅধিকার পরিষদ বলেছে, স্থানীয় সরকার নির্বাচন অংশগ্রহণমূলক করতে প্রার্থীদের স্বাধীনভাবে প্রচারের সুযোগ এবং রাজনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। এ জন্য নির্বাচন কমিশন ও সরকারের প্রতি প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে দলটি।

দলটির মতে, ভোটাররা যাতে স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন এবং নিজেদের পছন্দের প্রার্থী নির্বাচন করতে পারেন, সে জন্য তাদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

সংবাদ সম্মেলনে গণঅধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান, মুখপাত্র আবু হানিফ, উচ্চতর পরিষদের সদস্য শহিদুল ইসলাম ফাহিম ও সাকিব হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক নীলা শেখ ও অরবিন্দু বেপারী, দপ্তর সম্পাদক মাহবুবুর রহমান, যুব ও ক্রীড়া সম্পাদক ইলিয়াস মিয়াসহ কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়