বাংলাদেশে বিনিয়োগ ও শ্রমবাজার খুলতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর
সংবাদের আলো ডেস্ক: মালয়েশিয়ার শ্রমবাজার যতো দ্রুত সম্ভব বাংলাদেশি কর্মীদের জন্য খুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি একই সঙ্গে দেশটিতে আরও বেশিসংখ্যক বাংলাদেশি কর্মী নিয়োগের অনুরোধ জানিয়েছেন। এসম তিনি বাংলাদেশে মালয়েশিয়ার বিনিয়োগের জন্য মালয়েশিয়ার ব্যবসায়ীদের আমন্ত্রণ জানান।
সোমবার (২২ জুন) মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় পেরদানা পুত্রায় দ্বিপক্ষীয় বৈঠক শেষে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারেক রহমান।
তিনি বলেন, ‘মালয়েশিয়ায় থাকা বাংলাদেশি কর্মী, শিক্ষার্থী, পেশাজীবী ও উদ্যোক্তারা ২ দেশের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সেতুবন্ধ হিসেবে কাজ করছেন। তাদের এই অবদান আমাদের উভয় দেশের অর্থনীতি ও সমাজকে সমৃদ্ধ করছে। আমি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে আরও বেশিসংখ্যক বাংলাদেশি কর্মী নিয়োগের বিষয়টি বিবেচনা করতে এবং যতো দ্রুত সম্ভব শ্রমবাজার খুলে দেওয়ার অনুরোধ জানিয়েছি।’
প্রধানমন্ত্রী জানান, তিনি মালয়েশিয়ায় অনিয়মিত কর্মীদের নিয়মিত (বৈধ) করা এবং আটক বাংলাদেশিদের সম্ভব হলে দেশে ফেরত পাঠানোর বিষয়টিও তুলে ধরে তিনি বলেন, কর্মী নিয়োগপ্রক্রিয়া যেন স্বচ্ছ, সুষ্ঠু ও সাশ্রয়ী হয় এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমিয়ে খরচ কমানো যায় সে বিষয়ে দু’পক্ষ একমত হয়েছে।
তিনি বলেন, দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্যের বৃদ্ধিকে স্বাগত জানাই এবং মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা এগিয়ে নিতে সম্মত হয়েছি। আমাদের অগ্রাধিকার হলো কর্মসংস্থান সৃষ্টি, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা। আমরা একটি ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তুলছি এবং বিনিয়োগকারীদের জন্য নতুন সুযোগ তৈরি করছি।
বাংলাদেশে মালয়েশীয় বিনিয়োগের ব্যাপক সম্ভাবনা দেখছি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, মালয়েশীয় ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে এই সুযোগগুলো অন্বেষণ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। মালয়েশিয়ায় আরও বেশি বাংলাদেশি শ্রমিক নিয়োগের বিষয়টি বিবেচনা করতে এবং যত তাড়াতাড়ি সম্ভব শ্রমবাজার উন্মুক্ত করার জন্য অনুরোধ করেছি। এ ছাড়া, অনিয়মিত কর্মীদের চাকরি স্থায়ীকরণ এবং সম্ভব হলে আটককৃত বাংলাদেশিদের দেশে ফেরত পাঠানোর বিষয়গুলোও উত্থাপন করেছি। একই সঙ্গে, আমরা একমত হয়েছি যে, নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ, ন্যায্য ও সাশ্রয়ী হওয়া উচিত, যা মধ্যস্থতাকারীর সংখ্যা কমাবে এবং কর্মীদের খরচ হ্রাস করবে।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে ২ দিনের সরকারি সফরে রবিবার রাতে কুয়ালালামপুরে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।