গোপন স্থানে ২৪ ঘণ্টার বেশি আটক রাখা ‘গুম’: চিফ প্রসিকিউটর
সংবাদের আলো ডেস্ক: আইনশৃঙ্খলা বাহিনী কোনো ব্যক্তিকে ২৪ ঘণ্টার বেশি আটক রাখলে এবং বিষয়টি তার পরিবারকে না জানালে তা গুম হিসেবে গণ্য হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে ট্রাইব্যুনালে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। এ সময় তিনি স্পষ্টভাবে বলেন, ২৪ ঘন্টার পর যতক্ষণ আটকে রাখা হবে এবং আইনি লড়াইয়ের সুযোগ না দিলে ওই সময়টা গুম বলে বিবেচিত হবে।
চিফ প্রসিকিউটর বলেছেন, গুম প্রতিরোধ ও প্রতিকার আইন জাতীয় সংসদে পাস হয়েছে। ওই আইনে গুমের যে সংজ্ঞা দেওয়া হয়েছে, তাতে কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো ব্যক্তিকে গ্রেফতার বা আটক করার পর তার অবস্থান বা নিয়ে যাওয়ার বিষয়টি গোপন রাখলে, তাকে অজ্ঞাত স্থানে আটক রাখলে অথবা আইনের সুবিধা থেকে বঞ্চিত করলে তা স্বতন্ত্র ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচিত হবে।
আইনে গুমের এমন ঘটনাকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে গণ্য করার জন্য একটি আলাদা শর্ত রাখার কথাও জানান তিনি। এ নিয়ে তিনি বলেন, গুম ব্যাপক মাত্রায় সংঘটিত হলে অথবা একই ধরনের কোনো প্যাটার্ন বা পদ্ধতিতে তা সংঘটিত হলে সেটি মানবতাবিরোধী অপরাধ হিসেবে বিবেচিত হবে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিচার হবে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।