প্রকৃত দোষীরা যেন ছাড় না পায় এজন্য আইনি পরামর্শ দেওয়া হয়েছে: অ্যাটর্নি জেনারেল
সংবাদের আলো ডেস্ক: আদ্-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় প্রকৃত দোষীরা যেন কোনো কারণে ছাড় না পায় তা নিশ্চিতে আইনি পরামর্শ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। সোমবার (১ জুন) সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রীর সাথে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।
অ্যাটর্নি জেনারেল জানান, প্রকৃতপক্ষে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান দোষী চিহ্নিত হলে, সে যেন আইনি ফাঁকফোকরের মধ্য দিয়ে পার না পায় সেজন্য আইনগত পরামর্শ দিতে কাজ করবেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল।
তিনি বলেন, বিষয়টি নিয়ে একটি ফৌজদারি মামলা হয়েছে এবং তদন্ত চলমান রয়েছে। পাশাপাশি স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকেও আলাদা তদন্ত চলছে। এছাড়া, ডাক্তার, নার্স ও হাসপাতাল কর্তৃপক্ষের দায়বদ্ধতা কতটুকু ছিল, তা তদন্ত প্রতিবেদনে উঠে আসবে।
তিনি আরও বলেন, হাসপাতাল পরিচালনার ক্ষেত্রে সরকারের নির্ধারিত গাইডলাইন মানা হয়েছিল কি না, সব দিকই খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত প্রতিবেদন ছাড়া এ বিষয়ে চূড়ান্ত মন্তব্য করা ঠিক হবে না বলেও তিনি উল্লেখ করেন।
অ্যাটর্নি জেনারেল জানান, মন্ত্রণালয়ের তদন্ত কমিটিতে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফয়সাল সিদ্দিকীকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যাতে আইনি জটিলতা এড়িয়ে প্রকৃত দোষীদের চিহ্নিত করা সম্ভব হয়। এছাড়া, যারা দায়ী হিসেবে প্রমাণিত হবেন, তারা যেন কোনো আইনি সুযোগ নিয়ে পার না পান সেটিই নিশ্চিত করা হবে।
তিনি আরও জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুরোধে অ্যাটর্নি জেনারেল অফিস থেকে একজন আইন কর্মকর্তা কমিটিতে যুক্ত করা হয়েছে, যা রাষ্ট্রীয় দায়িত্ব পালনের অংশ।
অ্যাটর্নি জেনারেল বলেন, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো চূড়ান্ত মন্তব্য করা ঠিক হবে না। তবে তিনি আশা প্রকাশ করেন, তদন্তের মাধ্যমে সত্য উদঘাটিত হবে এবং দায়ীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।