ভারতের মানুষ পাগলের মতো ইসরাইলকে সমর্থন করে: নেতানিয়াহু
সংবাদের আলো ডেস্ক: ভারতে ইসরাইলের প্রতি জনসমর্থনকে ‘পাগলামির পর্যায়ের’ বলে বর্ণনা করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
বৃহস্পতিবার (২৮ মে) পশ্চিম তীরে এক সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় তিনি ভারতকে ‘বিশাল শক্তি’ হিসেবে উল্লেখ করেন এবং দুই দেশের মধ্যে এক ‘অনন্য সম্পর্কের’ কথা তুলে ধরেন।
নেতানিয়াহু বলেন, ‘বিশ্বের অনেক জায়গায় আমাদের বৈধতা নিয়ে সমস্যা আছে, কিন্তু ভারতে নেই।’ তিনি আরও দাবি করেন, অন্য যেকোনো দেশের তুলনায় ভারত থেকেই তার সবচেয়ে বেশি অনুসরণকারী রয়েছেন।
নেতানিয়াহু ভারতে নিজের জনপ্রিয়তা নিয়ে এবারই প্রথম গর্ব করেননি, আগেও করেছেন। সিবিএস নিউজের ‘৬০ মিনিটস’ অনুষ্ঠানে তিনি আগেও বলেছিলেন, ১৪০ কোটি মানুষের দেশ ভারতে ইসরাইল খুবই জনপ্রিয়।
২০১৮ সালে স্ত্রী সারাকে নিয়ে নয়াদিল্লি সফরের স্মৃতি টেনে তিনি সেই সফরকে ‘ভালোবাসার উৎসব’ বলে অভিহিত করেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ইসরাইল সফর প্রসঙ্গেও তিনি বলেন, সেখানে মোদিকে অনেক ভালোবাসা দিয়ে বরণ করা হয়েছিল।
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রে যখন ইসরাইলের জনপ্রিয়তা ক্রমশ কমছে, তখন নেতানিয়াহু ভারতের সঙ্গে সম্পর্ককে বিশেষভাবে গুরুত্ব দিয়ে তুলে ধরছেন বলে বিশ্লেষকদের পর্যবেক্ষণ।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।