পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা
সংবাদের আলো ডেস্ক: আদালতের দেয়া নির্দেশনা ও শর্ত অমান্য করে সমাবেশ করার অভিযোগে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মমতার দল তৃণমূল কংগ্রেসের ছাত্রসংগঠন তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানকে কেন্দ্র করে শনিবার (২৯ আগস্ট) এই মামলা করেছে কলকাতার হেস্টিংস থানা-পুলিশ।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার (২৮ আগস্ট) মধ্য কলকাতার বিড়লা তারামণ্ডলের কাছে ক্যাথিড্রাল রোডের এক পাশ খোলা রেখে দুপুর ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত সমাবেশ করার অনুমতি দিয়েছিলেন কলকাতা হাইকোর্ট। শর্ত অনুযায়ী, রোডের একটি লেনে সভা হওয়ার কথা ছিল এবং অন্য লেন দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক রাখার নির্দেশ দেওয়া হয়েছিল।
পুলিশের দেয়া তথ্য ও মামলাসূত্রে জানা যায়, হাইকোর্টের বেঁধে দেওয়া নির্দিষ্ট সময়সীমা (বেলা ৩টা) পার হওয়ার পরও সমাবেশ চালিয়ে যাওয়া হয়। অভিযোগ উঠেছে, আদালতের নিয়ম অমান্য করে রাস্তার দুই লেনই বন্ধ করে দেওয়া হয়েছিল, যার ফলে মধ্য কলকাতায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এছাড়া, কর্মসূচির আয়োজক ও নেতাকর্মীরা পুলিশের ব্যারিকেড জোর করে সরিয়ে দেন এবং কর্তব্যরত পুলিশের সাথে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন।
হেস্টিংস থানার এক কর্মকর্তা এনডিটিভিকে জানান, আদালতের নির্দেশ লঙ্ঘনের বিষয়টি খতিয়ে দেখার পর এই এফআইআর নথিভুক্ত করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে জড়িতদের ভূমিকা খতিয়ে দেখা হবে।
একই দিনে কলকাতার ধর্মতলার রানি রাসমণি অ্যাভিনিউতে বিদ্রোহী ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল ছাত্র পরিষদ পৃথক সভা করে। অন্যদিকে, জাতীয় কংগ্রেসের ছাত্রসংগঠন ‘ছাত্র পরিষদ’-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহাজাতি সদনে আলাদা কর্মসূচি পালন করা হয়।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।