বৃহস্পতিবার, ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

ইসরায়েলের সংসদ বিলুপ্তির বিল পাস, বিদায়ঘণ্টা বাজছে নেতানিয়াহুর

সংবাদের আলো ডেস্ক: ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে আগাম নির্বাচন এবং পার্লামেন্ট বিলুপ্ত করা সংক্রান্ত একটি বিল পাস হয়েছে। বুধবার (২০ মে) এ বিলের পক্ষে ভোট দিয়েছেন ১১০ জন আইনপ্রণেতা। কেউ বিপক্ষে অবস্থান নেননি বলে জানিয়েছেন নেসেটের স্পিকার আমির ওহানা। নিরাপত্তা সংক্রান্ত একটি বৈঠকের কারণে ভোটাভুটির সময় নেসেটে উপস্থিত ছিলেন না দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

এই বিল অনুমোদনের ফলে ইসরায়েলে আগাম নির্বাচনের পথ প্রশস্ত হয়েছে। সাম্প্রতিক একাধিক জরিপ বলছে, যদি আগাম নির্বাচন হয়, তাহলে নেতানিয়াহুর পরাজিত হওয়ার সম্ভাবনা বেশি। এমনকি যদি নির্ধারিত সময়েও নির্বাচন হয়, তবুও নেতানিয়াহু এবং তার দল লিকুদ পার্টির জয়ের আশা ক্ষীণ।

ইসরায়েলি সংবাদমাধ্যমের খবরে বলা হয়, বিলটি আইনে পরিণত হওয়ার আগে আরও অধিকতর পর্যালোচনার প্রয়োজন হবে। ইসরায়েলে সর্বশেষ জাতীয় নির্বাচন হয়েছিল ২০২২ সালের মে মাসে। সংবিধান অনুসারে আগামী নির্বাচন হবে চলতি ২০২৬ সালের ২৭ অক্টোবর। বিলটি পাসের পর এখন আগাম নির্বাচনের তারিখ নিয়ে আলোচনা শুরু হবে।

বিশ্লেষকরা বলছেন, সেপ্টেম্বর নাগাদ আগাম নির্বাচন অনুষ্ঠিত হবে। আর সে বিষয়ে ঐকমত্য না এলে নির্বাচনের পূর্বনির্ধারিত সময়ের কাছাকাছি তথা অক্টোবরেই জাতীয় নির্বাচন হতে পারে।

পার্লামেন্ট বিলুপ্তির প্রধান কারণ হিসেবে সামনে এসেছে কট্টরপন্থি ইহুদি দলগুলোর দাবির প্রসঙ্গ। ঐতিহাসিকভাবে এসব দল লিকুদ পার্টি এবং নেতানিয়াহুর ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্র হলেও চলতি মাসে দলগুলো জানায়, নেতানিয়াহুকে তারা আর জোট শরিক হিসেবে দেখতে ইচ্ছুক নয়। তারা এখন আগাম নির্বাচনের পক্ষে অবস্থান নিয়েছে। 

সাম্প্রতিক একাধিক জরিপ থেকে জানা যায়, নেতানিয়াহু এবং তার দল লিকুদ পার্টির ওপর থেকে ইসরায়েলের সাধারণ ভোটারদের একটি বড় অংশ তো বটেই, এমনকি জোটসঙ্গী দলগুলোও আস্থা হারিয়ে ফেলছে। কিন্তু এরপরও তারা লিকুদ পার্টির জোট থেকে বেরিয়ে যাচ্ছে না। কারণ এ মুহূর্তে যদি সরকার পতন হলে দুয়ারে কড়া নাড়তে থাকা নির্বাচনের আগে নতুন আরেকটি সরকার গঠন করা অত্যন্ত কঠিন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়