রাজধানীর বিজয় সরণির কলমিলতা বাজারের আগুন নিয়ন্ত্রণে
সংবাদের আলো ডেস্ক: রাজধানীর তেজগাঁওয়ের বিজয় সরণি মোড়ে কলমিলতা কাঁচাবাজারের নিচতলায় আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট টানা ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আজ মঙ্গলবার (১৯ মে) ভোরে ২তলা এই মার্কেটের নিচতলায় আগুনের সূত্রপাত হয়। সকাল ৫টা ২০ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বলেন, ভোর ৫টা ১৪ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। পরে ৫টা ২০ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। একে একে তেজগাঁও, মোহাম্মদপুর, মিরপুর এবং সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ১০টি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
এরপর সকাল ৭টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। তবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
আগুন নিয়ন্ত্রণে আসার পর ঘটনাস্থলে পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিসের সদস্যরা।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।