প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপে জেলা চ্যাম্পিয়ন বাগাতিপাড়ার লোকমানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি: প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর নাটোর জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বাগাতিপাড়া উপজেলার লোকমানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
বৃহস্পতিবার (১৪ মে) নাটোর জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে লালপুর উপজেলাকে ২-১ গোলে পরাজিত করে শিরোপা জিতে নেয় দলটি।
বাগাতিপাড়া উপজেলা চ্যাম্পিয়ন হিসেবে জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেয় লোকমানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। গ্রুপ পর্বে বড়াইগ্রাম উপজেলাকে ৫-১ গোলের বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ওঠে তারা। পরে সেমিফাইনালে নাটোর সদর উপজেলাকে ৩-০ গোলে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে ক্ষুদে ফুটবলাররা।
ফাইনালে দারুণ নৈপুণ্য দেখিয়ে লালপুর উপজেলাকে ২-১ গোলে হারিয়ে জেলা চ্যাম্পিয়নের শিরোপা নিজেদের করে নেয় বাগাতিপাড়ার দলটি।
দলের এই সাফল্যে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের মাঝে আনন্দের জোয়ার বইছে। বিজয়ের খবরে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের ভাষ্য, এ অর্জন শুধু বিদ্যালয়ের নয়, পুরো বাগাতিপাড়া উপজেলার জন্যই গর্বের।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আছমা শাহিন। তিনি বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন।
এসময় আরও উপস্থিত ছিলেন দেবাশীষ বসাক, সদ্য বিদায়ী ইউএনও মোহাম্মদ আলাউদ্দিন, বাগাতিপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আলী আশরাফ এবং মো. কামরুল ইসলাম-সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের নিয়মিত অনুশীলন, শিক্ষকদের উৎসাহ এবং অভিভাবকদের সহযোগিতার ফলেই এই সাফল্য এসেছে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের খেলাধুলায় আরও উৎসাহিত করা হবে বলে জানান তারা।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।