বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

জ্বালানি খরচ কমাতে দিল্লিতে সপ্তাহে দুই দিন ‘হোম অফিস’

সংবাদের আলো ডেস্ক: যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের জেরে ক্রমবর্ধমান বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যে জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে নতুন উদ্যোগ নিয়েছে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আহ্বানে সাড়া দিয়ে সরকারি দফতরে সপ্তাহে দুই দিন ‘ওয়ার্ক ফ্রম হোম’ চালুর ঘোষণা দেয়া হয়েছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (১৪ মে) দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা একগুচ্ছ নতুন নির্দেশনা জারি করেন। আগামীকাল শুক্রবার (১৫ মে) থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হবে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, জ্বালানি খরচ কমাতে সরকারি কর্মীদের সপ্তাহে দুই দিন বাসা থেকে কাজ করার নির্দেশ দেয়া হয়েছে। পাশাপাশি সরকারি অফিসের মোট বৈঠকের ৫০ শতাংশ অনলাইনে আয়োজন করা হবে।

যানজট কমানো এবং জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে দিল্লি সরকার ও পুরসভার অফিসের সময়সূচিতেও পরিবর্তন আনা হবে। শুধু সরকারি কর্মচারী নয়, সাধারণ মানুষকেও এই উদ্যোগে সম্পৃক্ত করতে সচেতনতামূলক কর্মসূচি চালানো হবে।

মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা জানিয়েছেন, অফিসিয়াল কাজে ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমাতে হবে। মন্ত্রী, বিধায়ক, জনপ্রতিনিধি ও সরকারি কর্মীদের কারপুলিং এবং গণপরিবহন ব্যবহারের পরামর্শ দেয়া হয়েছে।

গণপরিবহন ব্যবহারে উৎসাহ দিতে দিল্লিতে ‘মেট্রো ডে’ এবং সপ্তাহে একদিন ‘নো কার ডে’ পালনের আহ্বান জানানো হয়েছে। এছাড়া ২৯টি সরকারি কলোনি থেকে ৫৮টি বিশেষ বাস চালুর পরিকল্পনা নেয়া হয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্প্রতি অপ্রয়োজনীয় জ্বালানি ব্যবহার কমানোর আহ্বান জানানোর পর এসব পদক্ষেপ নেয়া হলো। একইসঙ্গে নাগরিকদের জ্বালানি সাশ্রয় ও দায়িত্বশীল ভোগব্যবহারে উৎসাহিত করতে সচেতনতামূলক প্রচারণা চালানোরও পরিকল্পনা করেছে দিল্লি সরকার।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়