চাটমোহরে ব্র্যাক ডেইরির প্রশিক্ষণ, আধুনিক দুগ্ধ খামারে গুরুত্ব প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনায়
সঞ্জিত চক্রবর্তী, পাবনা প্রতিনিধি: পাবনার চাটমোহরে ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুড প্রজেক্টের উদ্যোগে “আদর্শ দুগ্ধ খামার ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ মে) সকাল ১১টায় উপজেলার সামস কনভেনশন সেন্টারে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
“আধুনিক প্রযুক্তি, দক্ষ খামারি, সমৃদ্ধ ডেইরি” স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ প্রশিক্ষণে দুগ্ধ খামারকে লাভজনক ও টেকসই করতে আধুনিক ব্যবস্থাপনার বিভিন্ন দিক তুলে ধরা হয়। প্রশিক্ষণে খামারিদের গরু পালন, সুষম খাদ্য ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ, কৃত্রিম প্রজনন, দুধ উৎপাদন বৃদ্ধি এবং প্রযুক্তিনির্ভর খামার পরিচালনার নানা কৌশল সম্পর্কে ধারণা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাটমোহর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. স্বপন কুমার সরকার।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. উম্মে আরেফিন, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর এস এম আসলাম হোসেন, ব্র্যাকের জেলা সমন্বয়ক মারুফ পারভেজ, মানবসম্পদ বিভাগের আবুল কালাম আজাদ এবং ব্র্যাক ডেইরির ভেটেরিনারি সার্জন ডা. এএসএম সায়েম আহমেদ বাঁধন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুড প্রজেক্টের শাহজাদপুর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক ডা. মো. রিয়াজুল ইসলাম। সঞ্চালনা করেন পাবনা এরিয়ার এরিয়া ম্যানেজার মো. এমদাদুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে ডা. স্বপন কুমার সরকার বলেন, পরিচ্ছন্ন খামার ব্যবস্থাপনা, সময়মতো টিকাদান, উন্নত জাতের গবাদিপশু নির্বাচন এবং তথ্যপ্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা গেলে দেশে মানসম্মত দুগ্ধ উৎপাদন আরও বাড়বে। বক্তারা বলেন, বর্তমান সময়ে লাভজনক দুগ্ধ খামার গড়ে তুলতে বিজ্ঞানভিত্তিক ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তির বিকল্প নেই। প্রশিক্ষণ খামারিদের দক্ষতা বাড়ানোর পাশাপাশি উৎপাদন খরচ কমিয়ে আয় বৃদ্ধিতে সহায়ক হবে। কর্মশালায় মডেল ফার্ম গড়ে তোলা, গাভীর জন্য ২৪ ঘণ্টা বিশুদ্ধ পানির ব্যবস্থা, সাইলেজ প্রস্তুত, কমপ্লিট মিল্কিং এবং খামারের স্বাস্থ্যবিধি উন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রশিক্ষণে পাবনা সদর, চাটমোহর, আটঘরিয়া এবং নাটোরের বড়াইগ্রাম উপজেলার প্রায় ১০০ জন দুগ্ধ খামারি অংশ নেন। অংশগ্রহণকারীরা প্রশিক্ষণকে সময়োপযোগী ও বাস্তবধর্মী হিসেবে উল্লেখ করে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।