বৃহস্পতিবার, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

ইরানের মাটির নিচে থাকা ইউরেনিয়াম উত্তোলন ‘দীর্ঘ ও কঠিন প্রক্রিয়া হবে’: ট্রাম্প

সংবাদের আলো ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও সংরক্ষণ কেন্দ্রগুলো গত জুনে চালানো এক অভিযানে পুরোপুরি ধ্বংস করা হয়েছে। ফলে সেখান থেকে ইউরেনিয়াম উদ্ধার করা হবে একটি দীর্ঘ ও কঠিন প্রক্রিয়া।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, ‘অপারেশন মিডনাইট হ্যামার’-এর উদ্দেশ্য ছিল ইরানের পারমাণবিক স্থাপনাগুলো সম্পূর্ণ ধ্বংস করা। তাই সেখান থেকে মাটি খুঁড়ে বের করা হবে দীর্ঘ ও কঠিন কাজ।’

তিনি আরও দাবি করেন, সিএনএনসহ কিছু গণমাধ্যম এ ঘটনার গুরুত্ব কমিয়ে দেখানোর চেষ্টা করছে এবং মার্কিন পাইলটদের যথাযথ কৃতিত্ব দিচ্ছে না।

ট্রাম্প আগেও দাবি করেছিলেন, ১২ দিনের ইরান যুদ্ধের সময় জুনে চালানো ওই অভিযানে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রগুলো সফলভাবে ধ্বংস করা হয়েছে। সম্প্রতি তিনি আরও বলেন, তেহরান নাকি ওই পারমাণবিক উপাদান দেশ থেকে সরিয়ে নেওয়ার বিষয়ে সম্মত হয়েছে।

তবে ইরানি কর্মকর্তারা বরাবরই তাদের ‘পারমাণবিক অধিকার’ রক্ষার কথা বলছেন এবং এ ধরনের কোনো শর্তে তারা সম্মত হননি বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন।

সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত কোনো অবস্থাতেই যুক্তরাষ্ট্র কিংবা অন্য দেশের কাছে স্থানান্তর করবে না বলে স্পষ্টভাবে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। 

ইসমাইল বাঘাই জানান, বর্তমান বা অতীতের কোনো আলোচনায় ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রসহ অন্য কোনো দেশে পাঠানোর বিষয়টি কখনোই আলোচিত হয়নি। দেশের পারমাণবিক অর্জন দেশের ভেতরেই সংরক্ষণ করা হবে।

ইসমাইল বাঘাই জোর দিয়ে বলেন, আমাদের মাটি যেমন পবিত্র, তেমনি আমাদের ইউরেনিয়ামও পবিত্র ও গুরুত্বপূর্ণ। তিনি ইউরেনিয়াম কার্যক্রম বন্ধের প্রস্তাবও প্রত্যাখ্যান করেন এবং বিষয়টিকে জাতীয় মর্যাদা ও সম্পদের সঙ্গে তুলনা করেন। জাতীয় সম্পদকে নাগরিকদের জীবনের মতোই গুরুত্ব দেওয়া উচিত। ইরানের পারমাণবিক কর্মসূচি বহু বছরের দেশীয় বিজ্ঞানীদের প্রচেষ্টার ফল।

তিনি আরও জানান, পারমাণবিক জ্ঞান ইরানিদের নিজস্ব অর্জন। যদি এটি গুরুত্বপূর্ণ না হতো, তাহলে প্রতিপক্ষরা চাপ ও সংঘাতের মাধ্যমে এটিকে সীমাবদ্ধ করার চেষ্টা করত না। তাই ইরান তাদের পারমাণবিক সক্ষমতা ভবিষ্যতেও অটুট রাখবে এবং এ বিষয়ে কোনো আপস করা হবে না বলেও জানান তিনি।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়