হোয়াইট হাউসের কাছে এলোপাতাড়ি গুলি, তদন্তে সিক্রেট সার্ভিস
সংবাদের আলো ডেস্ক: যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউসের কাছে কে বা কারা এলোপাতাড়ি গুলি চালিয়েছে। এই ঘটনায় তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রোববার মধ্যরাতের কিছু পর লাফায়েট পার্ক এলাকার আশেপাশে গুলির শব্দ শোনার খবর পেয়ে কর্মকর্তারা সেখানে পৌঁছান। পরে মার্কিন প্রেসিডেন্টের বাসভবনের ঠিক উত্তরে অবস্থিত এই পার্ক ও আশপাশের এলাকায় ব্যাপক তল্লাশি চালানো হয়।
সিক্রেট সার্ভিস জানায়, এ ঘটনায় সন্দেহভাজন কাউকে শনাক্ত করা যায়নি। কোনও হতাহতের খবরও পাওয়া যায়নি।
এই ঘটনার সময় প্রেসিডেন্ট ট্রাম্প হোয়াইট হাউসেই অবস্থান করছিলেন। সিক্রেট সার্ভিস জানায়, হোয়াইট হাউসের কার্যক্রম স্বাভাবিক রয়েছে। তবে প্রেসিডেন্টের বাসভবন ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
তদন্তের কারণে এলাকাটির কিছু সড়ক সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল, তবে পরে সেগুলো আবার খুলে দেওয়া হয়েছে। সিক্রেট সার্ভিসের একজন প্রতিনিধি বিবিসিকে তদন্তের বিষয়টি নিশ্চিত করেছেন।
শনিবার (৪ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেয়া এক পোস্টে হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক স্টিভেন চেউং জানান, ইস্টার উপলক্ষে এই সপ্তাহে ট্রাম্প ‘হোয়াইট হাউস ও ওভাল অফিসে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছেন’।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।