বৃহস্পতিবার, ২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

শ্রদ্ধা, সম্মান আর উৎসব—কালীগঞ্জে স্বাধীনতা দিবস উদযাপিত

পঙ্কজ সরকার নয়ন,কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়।

বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোরে কালীগঞ্জ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে স্বাধীনতা স্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন স্থানীয় সংসদ সদস্য, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

সকাল ৯টায় কালীগঞ্জ আর.আর.এন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন এবং বর্ণাঢ্য কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.টি.এম কামরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ. কে. এম ফজলুল হক মিলন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ২৬ মার্চ আমাদের জাতির গৌরবোজ্জ্বল দিন। বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা আমাদের অহংকার। তিনি তরুণ প্রজন্মকে স্বাধীনতার সঠিক ইতিহাস জানার আহ্বান জানান এবং দেশের উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়া সকাল ১০টায় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। দিবসটি উপলক্ষে এতিমখানা ও হাসপাতালে উন্নতমানের খাবার বিতরণ করা হয় এবং বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়।

বিকেলে আর.আর.এন পাইলট স্কুল মাঠে উপজেলা প্রশাসন ও সুশীল সমাজের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শেষ হয়।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবার, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সুশীল সমাজের প্রতিনিধি এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সারাদিনব্যাপী উপজেলার প্রধান সড়কগুলো জাতীয় পতাকা ও রঙিন ফেস্টুনে সজ্জিত করা হয়, ফলে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়