২৯৭ আসনের বেসরকারিভাবে ফল প্রকাশ: বিএনপি জোট ২১২, জামায়াত জোট ৭৭
সংবাদের আলো ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এখন পর্যন্ত বেসরকারিভাবে ২৯৭টি আসনের চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বেলা আড়াইটার পর রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এই ফলাফল ঘোষণা করেন।
তবে চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফল ঘোষণা স্থগিত রাখা হয়েছে। এই দুটি আসনের ফলাফল পরে ঘোষণা করা হবে। একটি আসনের ফলাফল আগেই স্থগিত করা হয় বলে জানান তিনি।
ইসি সচিব বলেন, গতকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫৯ দশমিক ৪৪ ভোট পড়েছে। এবারের নির্বাচনে গণভোট পড়েছে ৬০ দশমিক ২৬ শতাংশ।
ঘোষিত ২৯৭ আসনের মধ্যে বিএনপি ও তার মিত্ররা পেয়েছে ২১২ আসন। বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য পেয়েছে ৭৭ আসন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ১টি, স্বতন্ত্ররা পেয়েছে ৭টি আসন।
বিএনপি একক দল হিসেবে পেয়েছে ২০৯টি আসন। অন্যদিকে, জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন। জাতীয় নাগরিক পার্টি পেয়েছে ৬টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২টি, খেলাফত মজলিস ১টি, বাংলাদেশ জাতীয় পার্টি–বিজেপি ১টি, গণসংহতি আন্দোলন ১টি, গণঅধিকার পরিষদ ১টি আসন পেয়েছে।
‘দ্রত সময়ের মধ্যে গ্যাজেট প্রকাশ করা হবে। রিটার্নিং অফিসারের তথ্যের সঙ্গে মিলিয়ে নেয়ার পরই নির্ভুলভাবে গ্যাজেট প্রকাশ করবে ইসি,’ যোগ করেন ইসির সচিব।
তবে আখতার আহমেদ এও বলেন, ‘কে শপথ পড়াবেন সেটি বলার এখতিয়ার ইসির নেই।’



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।