একদল সন্ত্রাসী ভোটার-এজেন্টদের বাধা দিয়ে দেউলিয়াত্ব প্রকাশ করছে: জামায়াত
সংবাদের আলো ডেস্ক: জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, কিছু কিছু জায়গায় দুঃখজনক ঘটনা ঘটেছে বলে রিপোর্ট পাচ্ছি। ভোলায় গতকাল আমাদের নেতাকর্মীদের ওপর ব্যাপক হামলা হয়েছে। আমাদের এজেন্টদের কাজ করতে দেওয়া হয়নি। তারা কাগজপত্র প্রস্তুত করার সময় সংঘাতের সৃষ্টি করা হয়েছে।
‘আজও ভোলা-২ আসনে হামলার শিকার হয়েছেন। প্রশাসন কার্যকর সহযোগিতা করছে না, এমন অভিযোগ পাওয়া যাচ্ছে। কুমিল্লা-৮ আসনে একদল সন্ত্রাসী কেন্দ্রে এজেন্টদের ঢুকতে দিচ্ছে না, ভোটারদের বাধা দিচ্ছে। নোয়াখালীর হাতিয়ায় ভোটারদের ভোটকেন্দ্রে যেতে বাধা দেওয়া হচ্ছে। যারা এগুলো করছে, তারা হতাশাগ্রস্ত। এসবের মাধ্যমে তারা নিজেদের দেউলিয়াত্ব প্রকাশ করছে’— যোগ করেন তিনি।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
এহসানুল মাহবুব জুবায়ের আরও বলেন, আমরা প্রথম থেকেই বলে আসছি, প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। জনগণ একটি সুন্দর ও প্রত্যাশিত নির্বাচন দেখতে চায়। কোনো অবস্থায় দায়িত্বশীল ব্যক্তিরা যাতে হেলে না পড়েন এবং সঠিকভাবে দায়িত্ব পালন করেন, এটি আমাদের ও জাতির প্রত্যাশা। কোনো ব্যত্যয় হলে অবশ্যই জনগণের কাঠগড়ায় তাদের জবাবদিহি করতে হবে।
সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ভোটারের উপস্থিতি আরও বৃদ্ধি এবং তারা ভোটাধিকার প্রয়োগ করবেন বলে আশা প্রকাশ করেন এহসানুল মাহবুব জুবায়ের।
একইসঙ্গে প্রশাসন ও নির্বাচন কমিশনে যারা আছেন, তারা নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করবেন, এটাই জামায়াতের প্রত্যাশা— এমনটাও যোগ করেন তিনি।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।