ঠাকুরগাঁও জামায়াত নেতাকে যারা আটক করেছে, তারা সিদ্ধান্ত নেবে: ইসি সচিব
সংবাদের আলো ডেস্ক: সৈয়দপুর বিমানবন্দরে ৭৪ লাখ টাকা নিয়ে আটক হওয়া ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানের বিষয়ে যারা আটক করেছে, তারাই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেছেন, যারা আটক করেছে, তারা এ বিষয়ে ব্যাখ্যা দেবেন। আপনারা (সাংবাদিক) যদি আমার কাছে আইনি ব্যাখ্যা চান, তাহলে তো এটা আমার প্রতি অবিচার করা হচ্ছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ইসি সচিব বলেন, দয়া করে এই অপতথ্য সংস্কৃতি থেকে বেরিয়ে আসেন। আমাকে মিসকোট করার আগে যাচাই-বাছাই করে নেবেন। নির্বাচনের আর ১৩ ঘণ্টা বাকি, একটা ভালো দিকে আমরা এগোচ্ছি। সবাই সচেষ্ট থাকি, যেন নির্বাচন সুন্দরভাবে আয়োজন করতে পারি।
ভোটের সময় টাকা বহনের নির্দিষ্ট কোনো সীমা নেই বলে যে কথাটি ভাইরাল হয়েছে, সেটি সঠিক নয় বলে দাবি করেন তিনি। বলেন, আমি নাকি বলেছি, ৫ কোটি টাকা নিয়ে গেলেও কোনো অসুবিধা নেই, এটা বলার এখতিয়ার, অধিকার, ক্ষমতা আমার নেই। এটা বলিনি। এটা আমাকে মিসকোট করা হয়েছে। আমার জন্য অত্যন্ত অপমানজনক এবং আমি অত্যন্ত ক্ষুব্ধ।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।